দুই মেয়ের পর গেলেন বাবা
চার মাসও হয়নি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে দুই মেয়েকে। সময়ের ধুলো তাদের স্মৃতির ওপর এখনো পুরু হয়ে ওঠেনি। একইভাবে কাল চলে গেলেন বাবাও। দুই মেয়েকে হারিয়ে সড়ক দুর্ঘটনা বন্ধে মানববন্ধন, পোস্টার প্রচারণাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান। এখন তিনিও চলে গেলেন সব শোক আর কর্মসূচির ঊর্ধ্বে।গত ২৬ মার্চ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় সিদ্দিকুর রহমানের দুই মেয়ে সাদিয়া সিদ্দিকা (৭) আর তার বড় বোন সায়মা সিদ্দিকা (২৪)। গতকাল দুপুরে সিদ্দিকুর রহমানের খিলগাঁওয়ের বাসায় গিয়ে দেখা গেছে শুধু চাপা কান্না। স্বজন হারিয়ে কয়েকমাস ধরে ক্রমাগত কাঁদতে কাঁদতে চোখের জল যেন শুকিয়ে গেছে সবার।পথ এখন আতঙ্ক: পরপর দুটি দুর্ঘটনায় তিনজনকে হারানো পরিবারটিকে চেপে ধরেছে রাস্তা ভীতি। সিদ্দিকুর রহমানের মেডিক্যাল কলেজ পড়ুয়া মেয়ে শায়লা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ‘আমরা এই দেশে কীভাবে রাস্তায় বের হবো? রাস্তায় হাঁটা যায় না, গাড়িতে চড়া যায় না। আমাদের তো এখন ঘরে বসে থাকতে হবে। রাস্তায় নামতেই তো ভয় করে।” ‘...লাইসেন্স ছাড়া, ভুয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালায় চালকরা। আর আমাদের বাবা-বোনরা মারা যায়। আপা আর ছোট বোনটা মারা গেল। ঘাতক চালকদের কোনও শাস্তিই হয় নাই এখন পর্যন্ত। এদের (চালকদের) কিছু হয় না,’ আক্ষেপ আর ক্ষোভঝরা কণ্ঠে বলে যান শায়লা।২৬ মার্চের দুর্ঘটনার দিন নিহত হন সায়মাদের গাড়িটির চালক মাসুম পারভেজ। আহত হয়েছিলেন তাদের মা পারভীন তাহমিনা। কুমিল্লার দাউদকান্দিতে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এসময় আবার পেছন দিক থেকে একটি ট্রাকও গাড়িটিকে ধাক্কা দেয়।পারভীন তাহমিনা এখনও অসুস্থ। ভালভাবে হাঁটতে পারেন না, গাড়িতে চড়তে পারেন না। মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বেশ কিছুদিন। আবারও আরেকটি আঘাত তাকে ভেঙে দিয়েছে চরমভাবে। গতকাল প্রথম আলোকে তাহমিনা বলেন, ‘সরকার যদি আইনটা কঠোর করতো তাহলে অন্তত চালকরা একটু সচেতন হতেন। আমার স্বামী আর সন্তানদের মরতে হতো না।’২৬ মার্চের দুর্ঘটনায় আহত তাহমিনার ভাই মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিবারটা এখন কীভাবে চলবে এটিই বড় কথা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপালগঞ্জ যাওয়ার পথে গতকাল এক দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম।