দুই মেয়ের মুখে বিষ দিয়ে মায়ের বিষপান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় দুই শিশুকন্যার মুখে বিষ দিয়ে এক নারী বিষপান করেছেন। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি। গত মঙ্গলবার রাত নয়টার দিকে কচুয়া পৌরসভাধীন মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। কচুয়া থানার পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, পৌরসভাধীন মাছিমপুর গ্রামের অধিবাসী চট্টগ্রামের দিনমজুর মো. হানিফ মিয়ার ঘরে অভাব-অনটন নিয়ে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মুঠোফোনে ঝগড়া হয়। একপর্যায়ে হানিফ মিয়ার স্ত্রী আছমা বেগম (৩০) ঘরে থাকা বিষ প্রথমে দুই মেয়ে মর্জিনা আক্তার (৬) ও হাসিবা আক্তারের (৩) মুখে জোর করে ঢেলে দেন। একই সঙ্গে তিনি নিজেও বিষপান করেন। ঘটনাটি স্থানীয় লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে তাদের চিকিৎসা চলছিল। কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) দিলদার আযাদ জানান, বিষপানের ঘটনা সত্য। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে এক মাস আগে হানিফ মিয়া স্ত্রী আছমাকে তালাক দেন বলে জানা যায়।