রাজধানী ঢাকা এবং ফেনী ও সিলেটে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৪০ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৩৫৩ জন।
সংশ্লিষ্ট এলাকা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় মো. শহীদ (১৮) নামের এক কিশোর মারা গেছেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, শহীদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। সোমবার রাত ১২টার দিকে মিরপুর ১ নম্বর সেক্টরে সনি সিনেমা হল-সংলগ্ন পেট্রলপাম্পের সামনের সড়কে গাড়ির ধাক্কায় আহত হন শহীদ। রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ফেনী শহরের সেন্ট্রাল উচ্চবিদ্যালয়ের সামনে গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় ইমাম হোসেন ওরফে প্রিন্স (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমাম হোসেন ফেনী সদর উপজেলার লালপুল এলাকার দিকে যাওয়ার পথে একটি মালবাহী কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফেনী সদর হাসপাতালে তিনি মারা যান।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের তারুখাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল হোসেন (১৮) নামের এক আরোহী নিহত হয়েছেন। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, গতকাল সকালে আবুল হোসেন মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান।