দুই মোটরসাইকেল ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই থানার পুলিশ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।গতকাল সোমবার টাঙ্গাইলের নাগরপুর ও মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ দুটি চোরাই মোটরসাইকেল, দুটি খেলনা পিস্তল, ১৫টি নম্বরপ্লেট, গাড়ির কাগজপত্র, মোটর-সাইকেলের যন্ত্রাংশ ও চাবি উদ্ধার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মির্জাপুর উপজেলার খাগুটিয়া গ্রামের সুজন মিয়া (২১) ও ধামরাই উপজেলার মকিমপুর গ্রামের এমদাদ হোসেন (৩০)।ধামরাই থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ওই দুই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ, ধামরাই ও সাভার এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ওই দুটি যান ছিনতাই এবং চুরি করে আসছিলেন। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম খান বলেন, সুজন ও এমদাদ সিএনজি এবং মোটরসাইকেল ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত বড় একটি চক্রের সক্রিয় সদস্য। ছিনতাই বা চুরির পর তাঁরা যানবাহনের নম্বরপ্লেট পরিবর্তন করে ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারের সময় সুজনের বাড়ি থেকে ১৫টি নম্বরপ্লেট উদ্ধার করা হয়।এমদাদের ভাতিজা সোহেল শিকদার অভিযোগ করেন, দুই মাস আগে এমদাদ তাঁর মোটরসাইকেলটিও ছিনতাই করে নিয়ে যান। পুলিশ হেফাজতে এমদাদ এবং সুজন সাংবাদিকদের কাছে ওই দুটি যান ছিনতাই এবং চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ধামরাই থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।