দুই মোটরসাইকেলকে ট্রাকচাপা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার তিষিগাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। বগুড়ায় বালুবাহী ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে রাখে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: পুঠিয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গিয়ে পড়ে এবং মোটরসাইকেলটি কয়েক টুকরো হয়ে যায়। নিহত দুজন হলেন, নাটোরের বঙ্গজল এলাকার লিপ্টন (২৫) ও রানা (২৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে একটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাঙড়া মেডিকেল মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়ায় খড়ি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী আবুল কাসেম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর আরোহী তাঁর মামা মামুন (৪৫) আহত হয়েছেন। কাসেমের বাড়ি নওগাঁর চকনদীকুল গ্রামে। উল্টে যাওয়া ট্রাকের কারণে প্রায় তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।বগুড়া: স্কুলে যাওয়ার পথে বায়েজিদ (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা টায়ারে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করে এবং যানবাহন ভাঙচুর করে। বায়েজিদ বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কর্ণপুর মধ্যপাড়ার মিঠু খন্দকারের ছেলে এবং মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।বগুড়া সদর থানার এসআই আবু তাহের জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বায়েজিদ স্কুলে যাওয়ার পথে বগুড়া সদরের মানিকচক বাজারের কাছে দ্বিতীয় বাইপাস সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক বায়েজিদকে চাপা দিয়ে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।