দুই ম্যাজিস্ট্রেটকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মচারী গত সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমদকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজন ম্যাজিস্ট্রেটকে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেওয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ সমন্বয়ের জন্য একটি কমিটি গঠনের ব্যাপারে তিনি জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সাক্ষাতের সময় নির্ধারণ নিয়ে তিনি ১১ মার্চ জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) স্টেনোগ্রাফার মাহাফুজ্জামানের সঙ্গেও কথা বলেন। কিন্তু সাক্ষাতের সময় নির্ধারণ নিয়ে তিনি গড়িমসি করেন। এ নিয়ে মাহাফুজ্জামানের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এ নিয়ে মাহাফুজ্জামান তাঁকে হেনস্তা করেন। তারেক আহমদের ভাষ্যমতে, সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসলাম উদ্দিন পিয়ন দিয়ে তাঁকে ডেকে পাঠান। এ সময় তিনি ওই পিয়নকে বলেন, তিনি অফিসের কাজে ব্যস্ত। এনডিসির সঙ্গে পরে দেখা করবেন। এতে ক্ষিপ্ত হয়ে এনডিসি তাঁকে ধরে নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৫-২০ জন কর্মচারীকে পাঠান। নির্বাচন কর্মকর্তা বলেন, কর্মচারীরা তাঁকে মারতে মারতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টরের (আরডিসি) কক্ষে নিয়ে যান। সেখানে এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম উদ্দিন, আরডিসি অবিডিও মার্ডি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। এ সময় এনডিসির তলব অমান্য করার অভিযোগ তুলে তাঁরা তাঁকে কক্ষের ভেতরে আটকে মারধর করেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান তাঁকে সেখান থেকে উদ্ধার করেন এবং হামলাকারীদের নিবৃত্ত করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকারকে জানান।এনডিসি আসলাম উদ্দিন বলেন, নির্বাচন কর্মকর্তা দফায় দফায় নানাভাবে তাঁকে অবজ্ঞা করেছেন এবং তাঁর ডাকে সাড়া দেননি। একপর্যায়ে কর্মচারীরা তাঁকে ডেকে আনেন। এ সময় কয়েকজন ম্যাজিস্ট্রেট ও কর্মচারীর সঙ্গে নির্বাচন কর্মকর্তার উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তেজনার সৃষ্টি হয়। অথচ এ ঘটনায় বিভাগীয় কমিশনার তাঁকে নড়াইলে এবং আরডিসি অবিডিও মার্ডিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দিয়েছেন।নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তিনি বলেন, শারীরিক লাঞ্ছনার বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।