দুই যুগ ধরে বন্ধ, যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্ল্যাটফর্ম, নতুন ভবনসহ সব ধরনের সুযোগ-সুবিধাই রয়েছে। যাত্রীও আছে অনেক। তবু নেত্রকোনার বাংলা রেলস্টেশনে লোকাল ও আন্তনগর কোনো ট্রেনই যাত্রাবিরতি করে না। এতে করে রেলপথে যাতায়াত করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, জনবল না থাকায় দুই যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্টেশনটি। অথচ চার বছর আগে স্টেশনটির পুরোনো ভবন ভেঙে নির্মাণ করা হয়েছে আধুনিক ভবন। ট্রেন না থামায় প্ল্যাটফর্ম এখন ভবঘুরেদের থাকার জায়গায় পরিণত হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, স্টেশনটি চালু থাকলে এলাকার শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের উপকার হতো। তাঁরা কম খরচে ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পারতেন।

নেত্রকোনা রেলস্টেশনের কর্মকর্তা ও স্থানীয় যাত্রীরা বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে দুটি লোকাল, একটি কমিউটার ও হাওর এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন চলাচল করে। চারটি ট্রেন দিনে অন্তত আটবার যাতায়াত করে। গত বৃহস্পতিবার থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে আরেকটি আন্তনগর ট্রেন এই রুটে চলাচল করছে। নেত্রকোনা স্টেশন থেকে মোহনগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার রেলপথ রয়েছে। স্টেশন আছে পাঁচটি। নেত্রকোনার পরের স্টেশন বাংলা স্টেশন, যার দূরত্ব ৬ কিলোমিটার। অথচ এখানে অন্তত ২৫ বছর ধরে ট্রেন থামে না।

ট্রেন না থামলেও রেলওয়ে কর্তৃপক্ষ ২০১২ সালে এই স্টেশনে পুরোনো ছোট ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ, প্ল্যাটফর্মের উন্নয়নসহ সব ধরনের সুযোগ নিশ্চিত করে রেখেছে। স্টেশনটি চালু রাখার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন। ঢাকার নেত্রকোনা সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে তিনবার বৈঠক হয়েছে। কিন্তু স্টেশনটি চালু হচ্ছে না।

স্থানীয় বাংলা বাজারের ওষুধ ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, ‘আমাদের এখানকার বহু শিক্ষার্থী প্রতিদিন নেত্রকোনা ও ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে। স্টেশনটি চালু থাকলে এলাকার ছাত্রছাত্রী ও ব্যবসায়ীদের খুবই উপকার হতো। তারা কম টাকায় সহজেই যাতায়াত করতে পারত।’

গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, স্টেশন ভবনের একটি কক্ষের সামনে ছিন্নমূল লোকজন ঠাঁই নিয়েছেন। প্ল্যাটফর্মে চরছে গরু-ছাগল। পাশের বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে তাতে। স্টেশনের ভবনের কক্ষে দোকান দিয়ে বসেছেন কেউ কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, স্টেশনের কাছে থাকা গেটম্যান মো. শাহজাহান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কামাল ও জব্বার ভবনটি দখলে রেখেছেন। জানতে চাইলে কামাল বলেন, ‘এসব পণ্য কে বা কারা রাখছে, তা আমার জানা নেই। আমার নামে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’

নেত্রকোনা রেলস্টেশনের স্টেশনমাস্টার শেখ সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘লোকবল না থাকায় বাংলা স্টেশনটি ১৯৯০ সালের জুলাই মাস থেকে বন্ধ রয়েছে। স্টেশনে অনুমোদিত পদের সংখ্যা চারটি। একজন বুকিং সহকারী ইনচার্জ ও একজন পোর্টার হলেও সেটি চালু রাখা সম্ভব হতো।’

এ বিষয়ে জানতে চাইলে রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ্ উদ্দিন মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘শুধু বাংলা স্টেশন নয়, দেশে আরও বেশ কয়েকটি রেলস্টেশন বন্ধ রয়েছে। এগুলো আগামী ডিসেম্বরের মধ্যে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। স্টেশনমাস্টারদের প্রশিক্ষণ চলছে।’