দুই যুগ পর ট্রেন থামল 'বাংলা'য়
নেত্রকোনার ‘বাংলা’ রেলস্টেশনে ২৬ বছর পর গতকাল বৃহস্পতিবার দুটি ট্রেন যাত্রাবিরতি করে।
এর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন গতকাল সকাল আটটার দিকে এ রেলস্টেশনে যাত্রাবিরতি করে। পরে বিকেল পৌনে চারটার দিকে এখানে থামে একই পথের আরেকটি লোকাল ট্রেন।
নেত্রকোনা রেলস্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে দুটি লোকাল, একটি কমিউটার এবং হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামে দুটি আন্তনগর টেন চলাচল করে। নেত্রকোনা থেকে মোহনগঞ্জ রেলপথের দূরত্ব ৩০ কিলোমিটার। স্টেশন আছে পাঁচটি। এর মধ্যে নেত্রকোনার পরের স্টেশনই ‘বাংলা’। ট্রেনগুলো দিনে অন্তত ১০ বার এ স্টেশনের ওপর দিয়ে আসা-যাওয়া করে। কিন্তু ১৯৯০ সালের পর লোকাল ও আন্তনগর কোনো ট্রেন এখানে থামেনি। লোকবল না থাকায় তখন রেলস্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নেত্রকোনার বাংলা স্টেশন: দুই যুগ ধরে বন্ধ, যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
মোহনগঞ্জের স্টেশনমাস্টার মো. গোলাম রব্বানী বলেন, ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের দুটি লোকাল ট্রেন এখন থেকে প্রতিদিন আসা-যাওয়ার পথে বাংলা স্টেশনে থামবে। স্টেশনে রুস্তম আলী নামে একজন টিকিট মাস্টার দায়িত্ব পালন করছেন।
স্টেশনের পাশে সহিলদেও গ্রামের বাসিন্দা রাজন ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, দীর্ঘ ২৬ বছর পর স্টেশনটি চালু হওয়ায় খুব ভালো লাগছে। এলাকার শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের খুবই উপকার হবে। তাঁরা কম টাকায় ভোগান্তি ছাড়াই বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারবেন।