দুই যুগ পর দুই মামলা থেকে আসামিদের মুক্তি
সাবেক দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে দুর্নীতি দমন কমিশন—দুদক) ২৩ বছর আগের একটি মামলায় একমাত্র আসামি বেকসুর খালাস পেয়েছেন। এ ছাড়া ২৭ বছরের পুরোনো আরেকটি মামলায় গতকাল চার আসামি বেকসুর খালাস পান। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল রোববার এই রায় দেন। প্রথম মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা একই ব্যক্তি। ১৯৮৮ সালের অক্টোবরে আবদুল মান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরো কর্তৃপক্ষ অর্থ আত্মসাতের মামলাটি করেছিল।চট্টগ্রাম মহানগর হাকিম রায়ে বলেন, কোনো ঘটনার বাদী ও তদন্তকারী কর্মকর্তা একই ব্যক্তি হতে পারেন না। যদি হন, সেটা আইনের বরখেলাপ। অথচ ২৩ বছর ধরে আসামি মান্নানের বিরুদ্ধে মামলাটি চলছিল। তিনি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযোগ থেকে আসামিকে অব্যাহতি দেন। মান্নানের বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায়।আদালত সূত্র জানায়, আবদুল মান্নানের বিরুদ্ধে ১৩ হাজার ৯৬৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তিনি চট্টগ্রাম বন্দরের এজেন্ট স্টিভিডোর অ্যান্ড কন্ট্রাক্টর এমপ্লয়িজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৭ সালে জেলা সমবায় কর্মকর্তা বন্দর এজেন্ট স্টিভিডোর সমিতির তহবিল নিরীক্ষা করেন। ওই সময় সমিতির কোনো ব্যাংক হিসাব ছিল না। ফলে তহবিলে প্রায় ১৪ হাজার টাকার গরমিল পায় সমবায় কর্তৃপক্ষের নিরীক্ষক। আদালত সূত্র আরও জানায়, পরে দুর্নীতি দমন বিভাগের তৎকালীন সহকারী পরিদর্শক মবিনুল ইসলাম এ ঘটনায় মামলা করেন। তিনি নিজে আবার তদন্ত করে ১৯৮৯ সালের ১২ জুন মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ১৯৯০ সালের ১৫ ডিসেম্বর।ছয়জন সাক্ষীর মধ্যে বাদী মবিনুল ইসলাম ও সমবায় কর্মকর্তা মো. শরীফ উল্লাহ আদালতে সাক্ষ্য দেন। ২০০৩ সালের পর আর কেউ এ মামলায় সাক্ষ্য দেননি। পরে আদালত মামলাটি পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি দেখতে পান। ২৩ বছর আসামি খালাস পান। ২৭ বছরের পুরোনো মামলা: ২৭ বছর আগে ১৯৮৪ সালের ৩ মার্চ করা আরেকটি মামলা শুনানি করে গতকাল চার আসামিকে খালাস দেন একই বিচারক। আদালত সূত্র জানায়, ট্রলার থেকে মাছ লুটের অভিযোগে জনৈক সালেহ আহমদ বন্দর থানায় মামলাটি করেন। চার আসামি আবদুল লতিফ, চিত্তরঞ্জন, ইন্দ্রজিৎ বিশ্বাস ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ১৯৮৪ সালের ২৫ মে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৯৯৭ সালের ৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। এ মামলায় চারজন সাক্ষ্য দেন। তবে বাদী আদালতে অসংলগ্ন বক্তব্য দেন। তাই গতকাল সব আসামিকে বেকসুর খালাস দেন আদালত।