দুই যুগ পর ভিন্ন নামে চালু হচ্ছে মসলিন কটন মিলস
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ মসলিন কটন মিলসটি ২৩ বছর পর আবার চালু হতে যাচ্ছে। গতকাল শনিবার মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে কারখানাটি ফের চালু করার ঘোষণা দেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।অনুষ্ঠানে কারখানাটির নতুন উদ্যোক্তা হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের কাছে মিলটির মালিকানা হস্তান্তর করা হয়। আগামী ডিসেম্বরে মিলটি রিফাত গার্মেন্টস নামে আবার চালু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এ কে আজাদের কাছে মিলের চাবি ও দলিলপত্র তুলে দেন।মালিকানা হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট ও বস্ত্রসচিব আশরাফ মকবুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, মসলিন কটন মিলস লিমিটেডের লিকুইডেটর ও উপসচিব সাইফুদ্দিন আহমঞ্চদ মজুমদার প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ বি এম তারিকুল ইসলাম। প্রধান অতিথি আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘অনেক সরকার মিলটি চালুর কথা বললেও কেউ পারেনি। আওয়ামী লীগ সরকার পেরেছে।’ ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় গাজীপুরের কালীগঞ্জ মসলিন কটন মিলটি। মিলটির ভেতরে শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য প্রতিষ্ঠা করা হয় একটি কলেজ ও একটি উচ্চবিদ্যালয়। মিলটিতে মোট তিনটি বিভাগ ছিল। ১৯৯০ সালের ৪ জুলাই কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা ও প্রাপ্য পাওনাদি পরিশোধ না করে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই মসলিন কটন মিলসটি বন্ধ করে দেয়। এতে করে বেকার হয়ে পড়েন মিলটির প্রায় তিন হাজার শ্রমিক। হা-মীম গ্রুপের পক্ষে রিফাত গার্মেন্টস ১৩৫ কোটি টাকায় মিলটি কিনে নেয়। গতকাল ২০ জন মৃত শ্রমিকের পরিবারের কাছে বকেয়া বেতন বাবদ ২৫ হাজার টাকার করে চেক দেওয়া হয়।