দুই যুগ পর মেয়েকে খুঁজে পেলেন মা
চার বছর বয়সে নিখোঁজ হন ফারজানা। এখন তাঁর নাম বিলকিস (২৯)। চার সন্তানের জননী বিলকিস ওরফে ফারজানা লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। ছোটবেলায় হারিয়ে যাওয়া মেয়েকেই দুই যুগ পর খুঁজে পেয়েছেন মা রোজিনা খাতুন।
স্থানীয়রা জানান, মেয়ের পরিচয় নিশ্চিত হয়ে গতকাল রোববার লালমনিরহাট থেকে দিনাজপুরের পার্বতীপুরের কালিকাবাড়ী গ্রামে ছুটে আসেন মা। দীর্ঘক্ষণ মেয়ের মুখের দিকে নির্বাক তাকিয়ে থাকেন মা রোজিনা। এ খবর জানাজানি হলে গ্রামের মানুষ ভিড় জমায় বিলকিসের স্বামী ভ্যানচালক জিয়ারুল হকের বাড়িতে।
বেসরকারি সংস্থা ঠ্যাঙ্গামারার (টিএমএসএস) মাঠ কর্মকর্তা আমিনুর রহমান জানান, ১৯৮৮ সালে চার বছর বয়সে মায়ের পিটুনিতে রাগ করে বাড়ি ছেড়ে বাইরে যান বিলকিস। বাঁশের কঞ্চির আঘাতে তাঁর ডান চোখের নিচের অংশ কেটে যায়। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। নাম-পরিচয়হীন মেয়েটি পার্বতীপুরের বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। একপর্যায়ে পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের বালাপাড়া গ্রামের আলম মাস্টার তাঁকে নিজ বাড়িতে এনে বড় করেন। নাম রাখেন বিলকিস। বড় হলে তাঁকে বিয়ে দেওয়া হয় উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের ভ্যানচালক জিয়ারুল হকের সঙ্গে।
আমিনুর আরও বলেন, কিছুদিন আগে তিনি কালিকাবাড়ী গ্রামে ঋণের কিস্তির টাকা তুলতে যান। সেখানে আমিনুর তাঁর বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশীপাড়ায় বলে সমিতির সদস্যদের পরিচয় দেন। বিলকিস তাঁর নিজ জেলার নাম না জানলেও পলাশীপাড়ার কথা জানতেন। আমিনুরের ঠিকানার সূত্র ধরে বিলকিস তাঁর ছোটবেলায় হারিয়ে যাওয়ার কথা খুলে বলেন। পরে আমিনুর পলাশীপাড়ায় খোঁজ নিয়ে বিলকিসের পরিবারকে খুঁজে বের করেন। গতকাল বিলকিসের মা কয়েকজন আত্মীয়সহ পার্বতীপুরে বিলকিসের বাড়িতে এসে তাঁর ডান চোখের নিচে কাটা দাগ দেখে মেয়েকে শনাক্ত করেন।
বিলকিসের মা রোজিনা খাতুন বলেন, ছোটবেলায় বাঁশের কঞ্চির আঘাতে বিলকিসের ডান চোখের নিচের অংশ কেটে যায়। এখনো সেই দাগ স্পষ্ট চোখে পড়ে।