প্রতিষ্ঠাবার্ষিকীর দুই যুগ পূর্তি উপলক্ষে নয় দিনের কর্মসূচি গ্রহণ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। গতকাল মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও কর্মসূচির নানা বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাসেম।
লিখিত বক্তব্যে এম এ কাসেম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একসময় অনেকে ছোট করে দেখত। এখন সবাই তাদের সন্তানকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠান। সমাজেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল। কতিপয় প্রতিষ্ঠান ইতিমধ্যেই আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং অনেক বিভাগে এখন পিএইচডি ডিগ্রি দেওয়ার মতো পর্যায়ে উপনীত হয়েছে।
এম এ কাসেম আরও বলেন, বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী—২৫ শতাংশ থেকে শুরু করে ১০০ শতাংশ পর্যন্ত ছাত্রবৃত্তি তথা টিউশন ফি মওকুফ সুবিধা পাচ্ছে। এ পর্যন্ত ৭১৩ জন মুক্তিযোদ্ধার সন্তানকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
লিখিত বক্তব্যে এম এ কাসেম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্রভাব ও ডিজিটাল হিউম্যানিটিজসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সেমিনার ও গণবক্তৃতা।