দুই যুগেও পূর্ণতা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি মহিলা কলেজটি প্রতিষ্ঠার ২৪ বছরেও পূর্ণতা পায়নি। এই কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু থাকলেও ডিগ্রিতে বিজ্ঞান বিভাগ নেই। কলেজটিতে চালু করা যায়নি বাণিজ্য বিভাগ। এতে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস করে অনেক ছাত্রী এই কলেজে মানবিকে পড়তে বাধ্য হচ্ছে। আর শিক্ষক সংকটের কারণে পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় একটি সরকারি বা বেসরকারি কলেজে ডিগ্রি পর্যন্ত কোর্স চালু থাকলে সেখানে শিক্ষকের পদ থাকে ৭২টি। কিন্তু এই কলেজে মঞ্জুরি করা পদ রয়েছে মাত্র ১৮টি। প্রশাসনিক কাজে ব্যস্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বাদ দিলে শিক্ষকের সংখ্যা দাঁড়ায় ১৬। এর মধ্যে কর্মরত রয়েছেন ১২ জন। ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও জীববিদ্যা বিষয়ে চার শিক্ষকের পদ শূন্য রয়েছে কয়েক বছর ধরে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমান ছাত্রীসংখ্যা এক হাজার ৬৭ জন।স্নাতক মানবিক প্রথম বর্ষের ছাত্রী শিলুদাশ পুষ্পা জানান, ইংরেজি সবার জন্য বাধ্যতামূলক বিষয় হলেও পুরো কলেজে শিক্ষক রয়েছেন মাত্র একজন। তিনি একটি বিভাগের শ্রেণীতে পাঠদান করালে অন্য শ্রেণীর ছাত্রীদের বসে থাকতে হয়। চার বছরেও শূন্য পদে আরেকজন ইংরেজির শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। স্নাতক শ্রেণীর ছাত্রী শিউলি আকতার জানান, জেলা শহরের কক্সবাজার সরকারি কলেজ, সিটি কলেজসহ অন্যান্য আরও ২০টির বেশি কলেজে বাণিজ্য বিভাগ চালু থাকলেও একমাত্র সরকারি এই মহিলা কলেজে তা নেই। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী রোকসানা পারভিন জানায়, ব্যবসায় শিক্ষা শাখায় পড়ে ব্যাংকার হওয়ার স্বপ্ন ছিল। ইচ্ছা ছিল, ব্যবস্থাপনা বা হিসাব নিয়ে সম্মান পড়ব। কিন্তু কলেজে বাণিজ্য শাখা না থাকায় বাধ্য হয়েই সিদ্ধান্ত পাল্টাতে হলো।অর্থনীতি বিভাগের শিক্ষক সানোয়ারা বেগম জানান, শিক্ষক সংকটের কারণে এক হাজার ছাত্রীর পাঠ দিতে হিমশিম খেতে হচ্ছে। অসুস্থতা এবং অন্য কোনো কারণে শিক্ষকেরা কেউ কলেজে অনুপস্থিত থাকলে ছাত্রীদের পাঠদানও বন্ধ থাকে। অভিভাবক গোলাম কিবরিয়া জানান, আমার মেয়ে ব্যবসায় শিক্ষা শাখায় পড়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। কিন্তু এই কলেজে ভর্তি হয়ে তাকে পড়তে হচ্ছে মানবিক বিভাগে। উপকূলীয় এলাকার মেয়ে হওয়ায় এই কলেজের হোস্টেলে রেখে পড়ানোর মতো সুযোগ অন্য কোনো কলেজে নেই। কিন্তু সরকারি একমাত্র মহিলা কলেজে বাণিজ্য বিভাগ নেই ভাবতে কষ্ট হয়। সুযোগের অভাবে আমাদের মেয়েরা সফল হতে পারছে না।অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, ডিগ্রিতে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ নেই। আবার এইচএসসিতে মানবিক ও বিজ্ঞান বিভাগ থাকলেও বাণিজ্য বিভাগ নেই। বাণিজ্য শাখায় পড়ার চাহিদা ব্যাপক। বিশেষ করে দুর্গম ও উপকূলীয় এলাকার মেয়েদের জন্য এই কলেজের হোস্টেলে থেকে পড়ালেখার সুযোগ থাকলেও বাণিজ্য বিভাগ চালু না থাকায় অনেকের ইচ্ছা পূরণ হচ্ছে না। অধ্যক্ষ জানান, শিক্ষক সংকট নিরসন এবং বাণিজ্য বিভাগ চালুর জন্য কলেজের পক্ষ থেকে সম্প্রতি একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় এটির অনুমোদন দিলে কলেজটি পূর্ণতা পাবে। তখন কলেজে আরও ৫২টি শিক্ষকের পদ সৃষ্টি হবে।