প্রতিষ্ঠার দুই যুগ পরও নড়াইল সরকারি মহিলা কলেজে স্নাতক ও স্নাতক (সম্মান) কোর্স চালু হয়নি।কলেজ সূত্রে জানা গেছে, এখানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পাঠদান করা হয়। কিন্তু এ পর্যায়ে পাঠদানের জন্যও এখানে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নেই। বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান বিভাগে দুটি করে শিক্ষকের পদ থাকলেও আছেন একজন করে। এ কারণে এ কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রতিবছর কমে যাচ্ছে। কলেজ সূত্রে আরও জানা গেছে, ১৯৮৬ সালে নড়াইলে মহিলা কলেজের যাত্রা শুরু হয়। ১৯৯৯ সালের ১ মার্চ এটি জাতীয়করণ করা হয়। এখানে একাডেমিকসহ তিনটি তিনতলা ভবন আছে। কলেজে বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় ১২৩ জনের মধ্যে ৮১ এবং ২০১১ সালে ১৫৭ জনের মধ্যে ১০৩ জন ছাত্রী পাস করেন। তাঁদের মধ্যে অধিকাংশই আর লেখাপড়া করেননি। কলেজ কার্যালয়ে খোঁজ নিয়ে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া ছাত্রীদের সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সদর উপজেলার দুর্গাপুর ও নয়নপুর গ্রামের দুই ছাত্রীর খোঁজ পাওয়া গেছে, যাঁরা এইচএসসি পাস করার পর আর লেখাপড়া করেননি। দুর্গাপুর গ্রামের রণজিৎ বিশ্বাসের মেয়ে জোছনা বিশ্বাস বলেন, ‘আমি গরিব ঘরের মেয়ে। বাড়ির কাছে কলেজ থাকায় টিউশনি করে নিজের লেখাপড়াসহ সংসারের খরচ বহন করেছি। দূরের কলেজে ডিগ্রি কিংবা অনার্স পড়ার মতো সামর্থ্য আমার নেই।’ কলেজ সূত্রে জানা গেছে, সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটি বিষয়ে চারটি পদ না থাকলে অনার্সের অনুমোদন দেওয়া হয় না। এ কারণে অনুমোদন না পাওয়ায় স্নাতক ও স্নাতক (সম্মান) অনার্স কোর্স চালু করা সম্ভব হচ্ছে না। অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, এখানে অনার্স ও ডিগ্রি কোর্স অনুমোদনের জন্য বেশ কয়েকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়েছে। সর্বশেষ ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সাংসদের ডিও লেটারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।