সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের পূর্ব দলইপাড়ায় দাদি-নাতনি খুনের ঘটনায় দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে গতকাল রোববার পর্যন্ত খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।আটক দুই যুবক হলেন, মো. তারেক (২২) ও আফজল মিয়া (১৮)। তাঁদের বাড়ি পূর্ব দলইপাড়াতেই। তারেককে গতকাল আটক করে র্যাব-৯-এর একটি দল। একই দিনে পুলিশ আটক করে আফজলকে। গতকাল সিলেট নগরের শাহ পরান থানায় মামলা করেছেন নিহত সাবিহা আক্তারের (৭) বাবা নাসির উদ্দিন। গত শনিবার সাবিহা ও তার দাদি মোমিনা খাতুন (৭০) খুন হন।মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) শাহিন উদ্দিন জানান, গতকাল দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুজনের মরদেহ পরিবারের জিমঞ্চায় দেওয়া হয়। আফজলকে আটক প্রসঙ্গে তিনি বলেন, ‘খুনি চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। আটক যুবককে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ র্যাব-৯-এর একটি সূত্র জানায়, তারেক ওই এলাকায় একটি ডিশ সংযোগ প্রতিষ্ঠানের লাইনম্যান। স্থানীয় কয়েকজনের তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। তারেক ওই বাড়িতে ডিশের সংযোগ ঠিক আছে কি না—তা দেখতে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন। আজ মানববন্ধন: পূর্ব দলইপাড়ার প্রফুল্ল পাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সাবিহা ও তার দাদি খুনের প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন করবে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।