দুই যুবক পাঁচ মাস ধরে 'নিখোঁজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর শেখ, উবায়দুর রহমান
মাহবুবুর শেখ, উবায়দুর রহমান

গোপালগঞ্জ থেকে অপহূত হয়েছিলেন দুই যুবক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে একই এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। এরপর পাঁচ মাস পার হয়েছে, তাঁদের কোনো খোঁজ নেই।অপহূত দুই যুবক উবায়দুর রহমান (২৫) ও মাহবুবুর শেখ (২৮) ঢাকার মিরপুরে গার্মেন্টসের ঝুট ব্যবসা করতেন। এ ঘটনার পর তাঁদের পরিবার বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হলেও কোনো ফল পায়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে। প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নিতেও রাজি ছিল না পুলিশ। পরে একটি মানবাধিকার সংস্থার সহায়তা নিয়ে থানায় মামলা করা হয়। তবে উবায়দুরের পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় যোগাযোগ করা হলে পুলিশ বলে, ‘উবায়দুরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছেন।’ বিভিন্ন জায়গায় খোঁজ করে মাহবুবুরের পরিবারও এমন তথ্য পায়।

যেভাবে ঘটনা ঘটল: উবায়দুরের পরিবার জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর উবায়দুর প্রথম সন্তানের বাবা হন। ২৬ ডিসেম্বর মা-শিশুকে দেখতে গোপালগঞ্জ সদরের একটি ক্লিনিকে যান উবায়দুরের বড় ভাই তরিকুল ইসলামের শ্বশুর-শাশুড়ি। বেলা দুইটার দিকে তাঁদের বাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ সদরের গোবরা গ্রামের দিকে রওনা দেন উবায়দুর। বোড়াশী পশ্চিমপাড়া ইউনিয়নের শহরতলি মান্দারতলায় (ঢাকা-খুলনা মহাসড়ক) পৌঁছলে কালো কাচ লাগানো একটি সাদা মাইক্রোবাস ও একটি লাল গাড়িতে থাকা কয়েকজন কালো পোশাকধারী লোক উবায়দুরকে থামতে সংকেত দেন। তিনি মোটরসাইকেল থামানো মাত্র ওই লোকগুলো তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে গাড়িতে তুলে নেন।মোটরসাইকেলে পেছনে ছিলেন তরিকুলের শ্বশুর-শাশুড়ি। শ্বশুর আবদুল ওহাব শেখ প্রথম আলোকে বলেন, ‘উবায়দুরকে নিয়া যাওয়ার সময় ওই লোকগুলো জানান, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।’

উবায়দুরের বাবা মতিয়ার রহমান বলেন, ঘটনার পর গোপালগঞ্জ সদর থানায় গেলে পুলিশ কোনো অভিযোগ নিতে রাজি হয়নি। অনেক তদবিরের পর গত ২১ জানুয়ারি জিডি নেয় পুলিশ। এর আগে ১৫ জানুয়ারি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে ফোন করেন তিনি। ওসি তাঁকে জানান, উবায়দুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে গেছেন। ওসির সঙ্গে এই কথোপকথন তিনি মুঠোফোনে রেকর্ড করেন। রেকর্ডটি প্রথম আলো পেয়েছে। কথোপকথনটি এ রকম:

‘আসসালামু আলাইকুম।’

‘ওয়ালাইকুম সালাম।’

‘আপনি গোপালগঞ্জ থানার ওসি?’

‘জি, বলছিলাম।’

‘আমি একটু কথা কইতাম, একটু কি অনুমতি দেবেন?’

‘বলেন।’

‘আমার ওই যে একটা ছেলে গোপালগঞ্জ থেইকা অপহরণ হইছে...আমি তো সাত দিন পর্যন্ত আপনার থানায় দৌড়াদৌড়ি করতাছি, কিন্তু আপনার সঙ্গে তো দেখা হয় না...’।

‘ছেলের নাম কী?’

‘উবায়দুর রহমান।’

‘হ্যাঁ, উবায়দুরের বিরুদ্ধে মিরপুর ডিভিশনে সাত-আটটি মামলা আছে। তাঁকে আগে থেকেই ঢাকা খুঁজতেছে...আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন খুঁজতেছিল। সে গা ঢাকা দিয়ে ছিল। তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নিয়ে গেছে।’

‘কোথায় নিছে...’

‘...আমরা জানার চেষ্টা করতাছি। তবে যারা নিছে, তারা এভাবেই কাজ করে।’

‘কিন্তু সে যদি দোষী হয়...’

‘আপনাদের লোকজন র‌্যাবের সঙ্গে কথা বলতাছে।...আপনি ১৯ তারিখের (১৯ জানুয়ারি) পর দেখা করেন।’

মতিয়ার বলেন, চেষ্টা করেও ১৯ জানুয়ারির পর ওসির সাক্ষাৎ পাননি তিনি। এরপর মানবাধিকার সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের বাংলাদেশ প্রতিনিধি রবীন্দ্র ঘোষকে জানালে তাঁর সহায়তায় ২১ জানুয়ারি জিডি এবং ৮ ফেব্রুয়ারি মামলা নিতে বাধ্য হয় পুলিশ।

দুই ঘণ্টা পর: উবায়দুরকে নিয়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরার মিল্টন বাজারসংলগ্ন বিশ্বরোড থেকে মাহবুবুরকে একই কায়দায় একই দলের লোকজন অপহরণ করে। মাহবুবুর তখন মহাসড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মুঠোফোনে কথা বলছিলেন।

মাহবুবুরের বাবা আবুল বাশার বলেন, ‘আমার ছেলেরে র‌্যাবই উঠাইয়া নিয়া গেছে। এ কারণে ঘটনার পর অভিযোগ দিতে চাইলে কাশিয়ানী থানার পুলিশ রাজি হয় নাই। তদবির করে পরে জিডি ও মামলা করা হয়। পুলিশের চাপে মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তে “সাদা পোশাকধারী” লিখতে হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, এ ঘটনার তদন্ত চলছে।

উবায়দুরের বিরুদ্ধে মামলা: পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে মিরপুরে ঝুট ব্যবসা করতেন উবায়দুর। কিন্তু কাফরুল থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি হয়ে উবায়দুর জেলে যান। জেল থেকে বের হয়েই গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীতে যান। মাঝে মাঝে গোপালগঞ্জের সীমানাসংলগ্ন নড়াইলে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে মিরপুরে ঝুট ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

মাহবুবুরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে। তিনিও রাজধানীর মিরপুরে ঝুট ব্যবসা করতেন। ব্যবসায়িক শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাঁদের ধরিয়ে দিয়েছে বলে পরিবারের অভিযোগ।

উবায়দুরের বড় বোন আমেনা বেগম প্রথম আলোকে বলেন, উবায়দুর নিখোঁজ হওয়ার পর তাঁরা জানতে পারেন, এ ঘটনায় মো. রুবেল নামের একজনের হাত থাকতে পারে। তিনি নম্বর জোগাড় করে রুবেলকে ফোন করেন। তখন রুবেল বলেন, অপহরণ হওয়ার আগে তাঁর সঙ্গে কথা হয়েছে। উবায়দুর ও মাহবুবুর র‌্যাব সদর দপ্তরে আছেন। রুবেলের সঙ্গে আমেনার কথোপকথন মুঠোফোনে রেকর্ড করা রয়েছে।

যোগাযোগ করা হলে রুবেল প্রথম আলোকে বলেন, মাহবুবুর ও উবায়দুর সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে মামলা আছে। ফোনে কথা হলেও তাঁদের তিনি দেখেননি। রুবেল কাফরুলের সৈনিক লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেন।

মাহবুবুরের বাবা বলেন, তাঁর করা এজাহারে রুবেলের নাম আছে। কাশিয়ানী থানার ওসি মনিরুল বলেন, রুবেলের বাড়ি গোপালগঞ্জে। তিনি পলাতক।

র‌্যাবের বক্তব্য: মাহবুবুর ও উবায়দুর অপহরণের ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর জাহিদ হাসান বলেন, ‘আমি ঘটনা শুনেছি। র‌্যাব পরিচয়ে কোনো সন্ত্রাসী দল এ কাজ করেছে বলে আমার ধারণা। কারণ, আইনশৃঙ্খলা বাহিনী এলে অবশ্যই আমাকে অবহিত করত।’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কাউকে আটক করা হলে অবশ্যই আইনগত ব্যবস্থায় যেত র‌্যাব। এ ধরনের কাউকেই আটক করা হয়নি।

প্রথম নয়: এ ধরনের ঘটনা প্রথম নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে ২০১২ সালে ১০ জন গুম হওয়ার কথা বলা হয়েছে।

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০১২ সালে ৫৬ জনকে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে আটজন মুক্তি পেয়েছেন, চারজনের লাশ উদ্ধার হয়েছে, ছয়জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্যদের খোঁজ মেলেনি।

বেসরকারি সংস্থা অধিকারের হিসাবে এ বছর ২৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর গুম ও হত্যা করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে (১৩টি সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে) ২০১০ ও ২০১১ সালে ১০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অপহরণের শিকার হয়েছেন (পরিবারের অভিযোগ অনুযায়ী)। তাঁদের মধ্যে ২১ জনের লাশ উদ্ধার হয়েছে। তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ৭৬ জনের কোনো খোঁজ নেই।

পুলিশের হিসাব অনুযায়ী, ২০০৯ সালে ৮৫৫ জন, ২০১০ সালে ৮৭০, ২০১১ সালে ৭২৫ ও ২০১২ সালে ৭৬৮ জন অপহূত হয়েছেন।

অধিকার বলছে, ২০০৯ সালে তিনজন, ২০১০ সালে ১৮, ২০১১ সালে ৩০ ও ২০১২ সালে ২৪ জন গুমের শিকার হয়েছেন।