দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের পূবাইল সমরসিংহ এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, আনুমানিক ২৫ ও ৩০ বছর বয়সী দুই যুবককে দুর্বৃত্তরা অন্যত্র গুলি করে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে যেতে পারে। স্থানীয় পূবাইল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আবদুল করিম জানান, অপেক্ষাকৃত কম বয়সী যুবকের চোখে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। লুঙ্গি পরা অপর যুবককে মাথা, বুক ও পেটে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত যুবকদের কোনো পরিচয় জানা যায়নি।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, বাইপাস সড়কের পূর্ব পাশে ৩০০ গজ দূরত্বে লাশ দুটি পাওয়া যায়।