দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আজ শুক্রবার দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মারা যাওয়া এক যুবকের নাম মো. রিপন এবং অপরজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের গৈস্তা এলাকার একটি বরইগাছে মাফলার দিয়ে প্যাঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বলেন, ওই যুবকের লাশে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ফলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর এ বিষয়ে জানা যাবে। তবে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানার সিরাজনগর পশ্চিমপাড়া এলাকায় একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে মো. রিপন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত রিপন পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে।
রিপনের কী কারণে মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান কেরানীগঞ্জের কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম। রিপনের বাবা মনির হোসেন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন বাসা থেকে বের হওয়ার পর রাতে আর বাসায় ফেরেনি। আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি রিপন আমাদের বাড়ির কাছে একটি কাঁঠালগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। এভাবে তাঁর মৃত্যুর কারণ কী, বুঝতে পারছি না।’