দুই যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরে আকবর আলী (৩০) নামের এক যুবকের ও নীলফামারীতে সাইফুল ইসলাম (৩৫) নামের অন্য এক যুবকের লাশ গতকাল বুধবার উদ্ধার করেছে পুলিশ।
আকবরের বড় ভাই মুন্না বলেন, তাঁদের বাড়ি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অন্ধহাফেজ মোড় এলাকায়। আকবর গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ কাঞ্চন রেলসেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নির্মাণাধীন ভবনের পেছনের একটি গাছ থেকে গতকাল সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাইফুলের লাশ। তিনি জেলা শহরের শান্তিনগর এলাকার মফেল উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, সাইফুল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।