দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ও কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় গতকাল রোববার রেললাইনের পাশ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। কালামপুর রেললাইনের পাশ থেকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে আলী আজগর (২২) নামের আরেক যুবককে। রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে কাউলতিয়া এলাকার গাজীপুর-রাজশাহী রেললাইনের পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর পরনে ছিল লুঙ্গি ও সাদা ফুলহাতা শার্ট। কালিয়াকৈরের বক্তারপুরে রেললাইনের পাশ থেকে বেলা দুইটার দিকে আরেক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরনে ছিল জিনেসর প্যান্ট ও খয়েরি টি-শার্ট। প্রায় একই সময়ে কালামপুর এলাকায় রেললাইনের পাশ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জের দোয়ারা থানার বনপুঁই নওগাঁও গ্রামের আবদুর নূরের ছেলে আজগরকে। উদ্ধারের পর তাঁকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন আজগর জানান, ঢাকা থেকে ট্রেনের ছাদে উঠে সিলেট যাওয়ার পথে কালামপুর পৌঁছালে রাত ১০টার দিকে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা দুই হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ছাদে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গতকাল যে দুটি লাশ উদ্ধার করা হয়েছে, ছিনতাইকারীরা তাঁদেরও ছাদ থেকে ফেলে দিয়েছিল বলে পুলিশ ধারণা করছে।