দুই যুবকের লাশ উদ্ধার পুলিশের ধারণা, হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম ও পল্লবী থানা এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাঁদের হত্যা করা হয়েছে। এ ছাড়া গত দুই দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বেলা পৌনে ১১টার দিকে দারুস সালাম থানার পুলিশ গাবতলীর দীপনগর মাঠসংলগ্ন মার্কেটের সিঁড়ির পাশে বালুর বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৬) লাশ উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখ ও মাথায় পোড়া চিহ্ন ছিল। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাক হোসেন জানান, অন্তত চার-পাঁচ দিন আগে ওই যুবককে হত্যা করে লাশ গুম করতে বালুর বস্তা দিয়ে চাপা দিয়ে রাখা হয়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকার বৈশাখী নামের মত্স্য খামারের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর শরীরেও আঘাতের চিহ্ন আছে। তাঁর পরনে নীল জিনসের প্যান্ট ও সাদা গেঞ্জি আছে। এ ব্যাপারে পল্লবী থানায় হত্যা মামলা হয়েছে। গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার: সূত্র জানায়, গতকাল দুপুরে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ১/বি/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহকর্মী শামীমা আক্তারের (১১) লাশ উদ্ধার করে পুলিশ। উত্তরা থানার ওসি রেজাউল হাসান জানান, সকালে গৃহকর্ত্রী সুমাইয়া বেগম আড়াই বছরের সন্তানকে শামীমার কাছে রেখে বাইরে যান। সেখান থেকে ফিরে তিনি ডাকাডাকি করে শামীমার সাড়া না পেয়ে বিষয়টি উত্তরা থানাকে জানান। পরে পুলিশ ওই বাসায় গিয়ে গ্রিল কেটে বারান্দায় ঢুকে শামীমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। শামীমার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশার ভাইগাঁওয়ে। তার বাবার নাম আবদুল খালেক মিয়া। গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু: সৌদিফেরত আজহারুল ইসলাম (৩২) গত বুধবার রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিড়িহাটে। বাবার নাম সুলতানউদ্দিন।বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু: বুধবার রাতে হাজারীবাগের সনাতন গড়ের সালাম ট্যানারির নিরাপত্তাকর্মী মো. হান্নান (৩৮) সুইচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চিত্রাকান্দিতে, বাবার নাম মনোয়ার মিয়া।