দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদী থেকে গত রোববার দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া এলাকার সালদা নদীতে কয়েকজন লোক মাছ ধরতে যান। তাঁরা সেতুর সঙ্গে একটি বস্তা আটকে থাকতে দেখেন। বস্তাটিতে এক যুবকের (৩০) হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। তাঁরা পুলিশে খবর দেন। একই দিন ওই নদীর মন্দভাগ বাজার এলাকায় অজ্ঞাতনামা আরও এক যুবকের (২৮) লাশ দেখতে পান এলাকার অনেকে। তাঁরাও পুলিশে খবর দেন। সন্ধ্যায় ওই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় দুটি মামলা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে লাশ দুটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে পাঠানো হয়েছে। কসবা থানার এসআই সুমন কুমার আদিত্য বলেন, নদীর উজান এলাকায় দু-তিন দিন আগে দুষ্কৃতকারীরা ওই দুই যুবককে হত্যা করে হাত-পা বেঁধে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়।
অপহূত কৃষকের লাশ উদ্ধার: সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, সরিষাবাড়ীতে অপহরণের তিন দিন পর গতকাল কৃষক ইউসুফ আলীর (৫৫) লাশ টাঙ্গাইলের ভূয়াপুরে যমুনার পূর্ব তীর খেয়াঘাট থেকে উদ্ধার করা হয়।