দুই রাষ্ট্রদূত ও এক হাইকমিশনার বদল
সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবদুল হান্নানকে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের হাইকমিশনার মিজারুল কায়েসকে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে।
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে জেনেভা ও ভিয়েনায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি আলাদা বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
মিজারুল কায়েস বিসিএস ১৯৮২ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি যুক্তরাষ্ট্রের হাইকমিশনের দায়িত্ব পালনের আগে মালদ্বীপ ও রাশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
টোকিও, সিঙ্গাপুর ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুল হান্নান বিসিএস ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি করাচি, কলকাতা ও মস্কোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
শামীম আহসান ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।