দুই রেস্তোরাঁ, ছয় দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনায় উচ্ছেদ অভিযান চালান রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ গতকাল গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
ধানমন্ডি আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনায় উচ্ছেদ অভিযান চালান রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ গতকাল গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে ধানমন্ডিতে পরিচালিত দ্বিতীয় দিনের অভিযানে দুটি রেস্তোরাঁ, একটি ফাস্ট ফুড ও ছয়টি নির্মাণাধীন দোকান গুঁড়িয়ে দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া একটি করে মিষ্টি ও মনিহারি দোকানকে এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের চারটি আবাসিক ফ্ল্যাটের। নিজেদের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে গুটিয়ে নেওয়ার জন্য লিখিত অঙ্গীকারনামা দেয় চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ নামের একটি প্রতিষ্ঠান।
গতকাল রোববার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন, জোন-৫-এর পরিচালক শাহ আলম চৌধুরী ও অথরাইজড কর্মকর্তা এ জেড এম শফিউল হান্নান।
এদিন বেলা দুইটার দিকে ধানমন্ডির ১৪ নম্বর সড়কে ‘শফিজ আশা’ নামের একটি বহুতল ভবনে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। ওই ভবনের চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ও চতুর্দশ তলার একটি করে ফ্ল্যাটে কর্মচারী ও নিরাপত্তা প্রহরীদের থাকার জায়গা এবং ক্যানটিন করেছিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও স্কুল কর্তৃপক্ষ। এ কারণে ওই ফ্ল্যাটগুলোর গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
কয়েক মাস আগে একই কারণে ড্যাফোডিল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ফ্ল্যাটগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন। তিনি বলেন, ‘তারা (ড্যাফোডিল কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অমান্য করে আবার ফ্ল্যাটগুলোতে কার্যক্রম চালাচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। আমরা এখানে এসে সেই অভিযোগের সত্যতা পেয়েছি।’
এদিকে সকালে অভিযান শুরু হয় ধানমন্ডির ১২/এ নম্বর সড়কের ৮৯ নম্বর বাড়ি থেকে। বাড়ির সামনের অংশে অবৈধভাবে গড়ে উঠেছিল ধাবা নামের জনপ্রিয় একটি রেস্তোরাঁর শাখা। ভ্রাম্যমাণ আদালত গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ধাবার ওই শাখাটির সামনের ছাউনি ও প্রবেশপথটি গুঁড়িয়ে দেন। পরে ১০/এ নম্বর সড়কের ৫৪ নম্বর প্লটে একটি নির্মাণাধীন ভবনের পেছনের উন্মুক্ত অংশে গড়ে ওঠা সাদিয়া অ্যান্ড সামিয়া নামের রেস্তোরাঁটিও উচ্ছেদ করেন। ভেঙে দেওয়া হয় ওই রেস্তোরাঁ লাগোয়া নির্মাণাধীন আরও ছয়টি দোকান। এ ছাড়া ভবনটির পূর্ব পাশের ছাদ নকশাবহির্ভূতভাবে বর্ধিত করেছিল মালিকপক্ষ। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ইম্পিরিয়াল কনসালট্যান্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজার পক্ষে ছাদের ওই অংশটি আগামী সাত দিনের মধ্যে ভেঙে ফেলার লিখিত অঙ্গীকার করেন প্রকৌশলী আলী তারেক।
একই সড়কের ৫০ নম্বর প্লটে বহুতল আবাসিক ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ নামের প্রতিষ্ঠানটির কার্যক্রম ‘অবিলম্বে’ গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিপণন ও জনসংযোগ পরিচালক সোহেল রানা বলেন, ‘এখান থেকে দ্রুত সরে যাওয়ার জন্য আমাদের লিখিত অঙ্গীকার করতে হয়েছে। এখন মালিকপক্ষ যা ব্যবস্থা নেওয়ার নেবে।’