হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিয়াছড়া খাসিয়াপুঞ্জিতে প্রায় ৫৯০ একর জমিতে পানের চাষ হয়। ওই এলাকার অনেক মানুষের রোজগারের একমাত্র পথ পানের চাষ। কিন্তু দুটি রোগে ওই পুঞ্জিতে পানের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়ভাবে এ দুটি রোগের নাম ‘চৌকলাম’ ও ‘উথরাম’। দীর্ঘদিন ধরে এই রোগে পানের ফলন ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন চাষিরা।সরেজমিন পানপুঞ্জিতে গিয়ে দেখা গেছে, কিছু গাছের ওপরের অংশ সবুজ-সতেজ থাকলেও গাছের নিচের দিকের অংশ লালচে রং ধরে পচে যাচ্ছে। পানচাষিরা জানান, ওই গাছগুলো তিন-চার দিনের মধ্যেই মারা যাবে। কিছু দূর গিয়ে দেখা যায়, আরও কিছু পানগাছের পাতার চারদিকে লালচে রং হয়ে পচন ধরেছে। পানচাষি অনি খাসনাই ও মিলা পসুয়েট জানান, এই রোগ খুবই সংক্রামক। রোগটির নাম উথরাম। চাষিরা জানান, কোনো গাছে একবার উথরাম রোগ ধরা পড়লে দ্রুত গাছটিকে মাটিচাপা দিতে হয়, না হলে দু-এক দিনের মধ্যেই অন্যান্য গাছে রোগটি ছড়িয়ে পড়ে। শত বছরের পুরোনো এই পানপুঞ্জিতে বর্তমানে এই রোগ দুটির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পানচাষিরা এ নিয়ে উদ্বিগ্ন।আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) উটিয়াং টং পেয়ার জানান, এই পুঞ্জির প্রায় ৩০ শতাংশ পানগাছেই রোগ দুটি দেখা দিয়েছে।স্থানীয় পানচাষিরা জানান, উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে কর্মকর্তারা রেভোমিল গোল্ড-৪৫, এগ্রি ফোরান, ধলু চুন ও পটাশ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এগুলো ব্যবহার করে কোনো ফল পাওয়া যায়নি।উটিয়াং টং পেয়ার বলেন, এই পুঞ্জির ১২৫টি পরিবারের একমাত্র আয়ের পথ পানচাষ। রোগ দুটি চিহ্নিত করে ব্যবস্থা না নিলে এই পরিবারগুলোকে পথে বসতে হবে।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নমুনা সংগ্রহ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। আশা করি, খুব তাড়াতাড়ি রোগ দুটি চিহ্নিত করা সম্ভব হবে।’বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি সরেজমিনে দেখতে গিয়েছি। আমার মনে হয়, কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা সংশ্লিষ্ট বিভাগ রোগ দুটি চিহ্নিত করার ব্যাপারে উদ্যোগী হলে এই পুঞ্জির পানচাষিরা উপকৃত হবেন।’