এক কৃষককে মারধরের পর গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে দুই র্যাব সদস্যকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং র্যাবের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর বাজারে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর দুই র্যাব সদস্যকে রাতে সোনারগাঁ থানায় সোপর্দ করা হলেও ঊর্ধ্বতন র্যাব কর্মকর্তারা এসে তাঁদের র্যাব-১১ কার্যালয়ে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর ভাষ্যমতে, সন্ধ্যায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামের কৃষক মুকুল মিয়া ও তাঁর চাচাতো ভাই জিয়াজুল হকের জমিসংক্রান্ত একটি বিরোধ চলছিল। বিষয়টি র্যাব-১১-এর সদস্যদের মৌখিকভাবে জানান জিয়াজুল। সন্ধ্যায় সাদা পোশাকে দুটি মোটরসাইকেল নিয়ে র্যাব-১১-এ কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন ও সৈনিক এরশাদ মিয়া স্থানীয় হোসেনপুর বাজারে যান। সেখান থেকে কৃষক মুকুল মিয়াকে ডেকে হোসেনপুর উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রস্তাবে রাজি না হওয়ায় মুকুলকে মারধর করে আহত করেন র্যাব সদস্যরা। মুকুলের চিত্কারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে মারধরের কারণ জানতে চান। র্যাব সদস্যরা এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী দুই র্যাব সদস্যকে পিটুনি দিয়ে স্থানীয় একটি ক্লাবে আটকে রাখেন। খবর পেয়ে ওই এলাকার কৃষক ও লোকজন ঘটনাস্থলে এসে শম্ভুপুরা-মোগরপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁরা র্যাব সদস্যদের ব্যবহূত দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন।খবর পেয়ে রাত আটটার দিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খানের নেতৃত্বে থানার এক দল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী র্যাব সদস্যদের বিচার দাবি করে বিক্ষোভ করেন। পুলিশ র্যাব সদস্যদের বিচারের আশ্বাস দিয়ে হাতকড়া পরিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। খবর পেয়ে র্যাব-১১-এর কর্মকর্তা মেজর আলমগীর হোসেন ও মেজর আশরাফের নেতৃত্বে র্যাব সদস্যরা সোনারগাঁ থানায় উপস্থিত হন। এ সময় দুই র্যাব সদস্যের হাতকড়া খুলে তাঁদের দায়িত্বরত কর্মকর্তার কক্ষে বসানো হয়। এদিকে দোষী র্যাব সদস্যদের বিচারের দাবিতে রাতে থানার সামনে ভিড় জমান এলাকাবাসী। রাত সাড়ে ১১টার দিকে দুই র্যাব সদস্যকে থানা থেকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে তাঁদের র্যাব-১১ কার্যালয়ে নিয়ে যান কর্মকর্তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১-এর মেজর আলমগীর হোসেন বলেন, ‘দুই র্যাব সদস্যের বিরুদ্ধে র্যাবের নিজস্ব আইনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে পিটুনির পর এলাকাবাসীর হাতে আটক অবস্থায় র্যাব সদস্য বেলায়েত হোসেন ও এরশাদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘দুই কৃষকের বিষয়টি আমাদের কাছে কেউ লিখিতভাবে অভিযোগ দেয়নি। আমরা লোক মারফত খবর পেয়ে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কৃষক মুকুল মিয়াকে সামান্য মারধর করেছি—এ কথা সত্য। তবে আমরা কোনো চাঁদা দাবি করিনি। হয়তো আমাদের সোর্সেরা চাঁদা চেয়ে থাকতে পারেন। বিষয়টি আমরা জানি না।’আহত কৃষক মুকুল মিয়া বলেন, ‘আমার চাচাতো ভাই জিয়াজুল হকের সঙ্গে জমি নিয়ে সামান্য বিরোধ ছিল। ইতিমধ্যেই বিষয়টি গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। কিন্তু র্যাব সদস্যদের দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা আমাকে কিল-ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেন।’ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় চেলারচর গ্রামের বাসিন্দা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক আবদুল আজিজ বলেন, ‘র্যাব সদস্যরা আমার সামনেই কৃষক মুকুল মিয়ার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাঁকে মারধর করেন।’নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে র্যাব সদস্যদের বিরুদ্ধে এলাকাবাসীর আনীত চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’