নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনের দেহরক্ষীসহ দুই র্যাব সদস্য এ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম ও সাইদুজ্জামান শরীফের আদালতে হাবিলদার মো. নাছিরউদ্দিন ও বাবুল হাসান এ জবানবন্দি দেন।
আলোচিত সাত খুনের ঘটনায় এ নিয়ে হত্যার দায় স্বীকার করে ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের ১৬ জন সদস্যসহ মোট ১৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। আর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন র্যাবের নয় সদস্যসহ ১৬ জন। এ খুনের ঘটনায় এখন পর্যন্ত র্যাবের ১৬ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, সাত খুনের মামলায় গ্রেপ্তার র্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফের দেহরক্ষী র্যাব সদস্য বাবুল হাসান স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন জানালে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। তিনি এই মামলার গুরুত্বপূর্ণ আসামি। মেজর আরিফের সঙ্গে থেকে সাতজনকে অপহরণের পরিকল্পনা, খুন ও লাশ গুমের সঙ্গে তিনিও জড়িত।
সাখাওয়াত হোসেন আরও জানান, হাবিলদার মো. নাছিরউদ্দিনও হত্যার দায় স্বীকার করে ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পরের দিন একজনের লাশ উদ্ধার করে পুলিশ।