দেশের দুই লাখ পাঁচ হাজার ১৫ জন কৃষককে বিনা মূল্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার দেবে সরকার। এর মধ্যে সম্প্রতি উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ১৪টি জেলার ৮৬ হাজার ৪৭৫ জন এবং দক্ষিণাঞ্চলের এক লাখ ১৮ হাজার ৫৪০ জন কৃষককে এ সুবিধা দেওয়া হবে।
সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কর্মসূচি হিসেবে এবং দক্ষিণাঞ্চলের কৃষকদের প্রণোদনা হিসেবে এ সুবিধা দেওয়া হবে। এতে মোট খরচ হবে প্রায় ২৩ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকা। বিনা মূল্যে বীজ ও সার বিতরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
উজানের ঢলে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী।
সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী জানান, ঢলে ওই ১৪ জেলায় মোট (নিট) ৮৯ হাজার ৯২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই লাখ ৩৪ হাজার ৮৩৭ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়, যার আর্থিক মূল্য ৬৯৫ কোটি টাকা। এতে চার লাখ ৯১ হাজার ১০২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব জেলার ৮৬ হাজার ৪৭৫ বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিনা মূল্যে দেওয়া হবে। এতে গমের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ২০ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার পাবেন। ভুট্টার ক্ষেত্রে প্রতিজন কৃষক একই পরিমাণ সারের সঙ্গে এক বিঘা জমির জন্য চার কেজি বীজ, সরিষার ক্ষেত্রে বিঘাপ্রতি এক কেজি বীজ ও একই পরিমাণ সার এবং বোরো ধানের ক্ষেত্রে বিঘাপ্রতি পাঁচ কেজি বীজ ও একই পরিমাণ সার পাবেন।
দক্ষিণাঞ্চলে গমের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ২০ কেজি বীজের সঙ্গে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার পাবেন। ভুট্টাতে সমপরিমাণ সার পেলেও বীজ পাবেন চার কেজি। খেসারিতে আট কেজি বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি পটাশ সার এবং ফলনের জন্য প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য সাত কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং পাঁচ কেজি পটাশ সার পাবেন।
এই কর্মসূচির ফলে কী ধরনের সুফল পাওয়া যাবে সংবাদ সম্মেলনে তারও তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষিসচিব এস এম নাজমুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।