দুই লক্ষাধিক কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেবে সরকার
দেশের দুই লাখ পাঁচ হাজার ১৫ জন কৃষককে বিনা মূল্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার দেবে সরকার। এর মধ্যে উত্তরাঞ্চলের সাম্প্রতিক উজানের ঢলে (বন্যা) ক্ষতিগ্রস্ত ১৪টি জেলার ৮৬ হাজার ৪৭৫ জন ও দক্ষিণাঞ্চলের এক লাখ ১৮ হাজার ৫৪০ জন কৃষক এ সুবিধা পাবেন।
আজ রোববার দুপুরে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, উত্তরাঞ্চলে উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুনর্বাসন হিসেবে এবং দক্ষিণাঞ্চলের কৃষকদের প্রণোদনা হিসেবে এ সুবিধা দেওয়া হবে। এতে মোট খরচ হবে ২৩ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকা। বিনা মূল্যে বীজ ও সার বিতরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
উজানের ঢলে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো: টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী।
মতিয়া চৌধুরী আরও জানান, ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলোতে মোট ৮৯ হাজার ৯২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই লাখ ৩৪ হাজার ৮৩৭ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়, যার আর্থিক মূল্য ৬৯৫ কোটি টাকা। এ ছাড়া ঢলে চার লাখ ৯১ হাজার ১০২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।