দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী
দুচোখ যেদিকে যায়, শুধু পানি আর পানি। বাজার, রাস্তা, উপজেলা পরিষদের কার্যালয় ও বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটুপানি। পানি ঢুকেছে বসতঘরেও। জমিতে পানি জমে থাকায় ফসল উৎপাদন করা যাচ্ছে না। যে পানির অপর নাম জীবন, আজ সেই পানির কারণেই খুলনার কয়রা উপজেলার দুই লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। গত বছর আইলায় পাউবোর বাঁধ ভেঙে কয়রা উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়। তখন উপজেলা সদরসহ অনেক গ্রামে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। আইলার কয়েক মাস পর খুলনা-বেদকাশী সড়কের একপাশে বালুর বস্তা ও মাটি ফেলে বাঁধ দেওয়া হয়। ৭ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের পানির চাপে ওই বাঁধ ভেঙে এবং রিং বাঁধ ও রাস্তা উপচে উপজেলা সদরসহ ২১টি গ্রাম প্লাবিত হয়। বর্তমানে সব মিলিয়ে উপজেলার ১৩০টি গ্রামের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে খুপরি তুলে বসবাস করছে।মঠবাড়ী গ্রামের আশরাফ আলী বলেন, ‘আইলার পর থেকে এলাকায় জোয়ার-ভাটা চলছে। ভিটার ওপরে উঁচু মাচা করে বসবাস করছিলাম। ৭ অক্টোবর নতুন করে প্লাবিত হওয়ায় মাচাও তলিয়ে গেছে।’কয়রা গ্রামের মোসলেম মোল্লা ও সৈয়দ মোল্লা জানান, পাউবোর মঠবাড়ী ক্লোজার দিয়ে জোয়ার-ভাটার পানি ওঠা-নামার কারণে ভেতরে খালের সৃষ্টি হয়ে ক্লোজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তাঁদের বসতবাড়ি দুটি একেবারে বিলীন হয়ে গেছে। তাঁদের এখন কিছুই নেই।উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, ৭ অক্টোবর নতুন করে ২১টি গ্রাম প্লাবিত হওয়ার পর বর্তমানে প্লাবিত গ্রামের সংখ্যা ১৩০টি। এসব গ্রামে প্রায় ৪২ হাজার পরিবারে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী। জরুরি ভিত্তিতে প্লাবিত এলাকার মানুষের জন্য খয়রাতি সাহায্য হিসেবে সরকার ২০ মেট্রিকটন চাল বরাদ্দ করেছে। জানা গেছে, ৭ অক্টোবর অস্বাভাবিক জোয়ারের পানির চাপে পাউবো বাঁধের ৪ ও ৫ নম্বর কয়রা গ্রাম, মহেশ্বরীপুর, পাথরখালী ও খাসিটানা অংশ ভেঙে যায়। এখন এসব স্থান দিয়ে উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কয়রা উপজেলা শাখার সভাপতি গুরুদাশ বিশ্বাস জানান, উপজেলায় ৪১টি সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৩০টি পূজামণ্ডপ পানিতে ডুবে আছে। কয়েকটি মণ্ডপ স্থানান্তর করে উঁচু স্থানে পূজা উদ্যাপন করা হচ্ছে। ভক্ত ও দর্শনার্থীরা নৌকায় করে এবং পানিতে ভিজে মণ্ডপগুলোতে আসছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জানান, জলাবদ্ধ হয়ে থাকায় কয়রা-খুলনা সড়কের পাশে দু-একটি ছাড়া বাকি বিদ্যালয়গুলোতে পাঠদান চলছে না।উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম মোহসিন রেজা বলেন, পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা প্রধান ক্লোজার মঠবাড়ী (পবনা) আটকানোর কোনো ব্যবস্থা করছে না। এই ক্লোজার দিয়ে পানি ঢোকায় চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পাউবোর সাতক্ষীরা-২ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দীন আহম্মদ জানান, পাউবোর বাঁধের ভাঙা অংশ সম্প্রতি মেরামত করা হয়েছে। মঠবাড়ী (পবনা), উত্তর বেদকাশী ইউনিয়নের পদ্মপুকুর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পাতাখালী (হারেজখালী) ক্লোজার তিনটি আটকানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।