দুই লঞ্চের সংঘর্ষ, একটির তলায় ফাটল

বরিশালের কীর্তনখোলা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে একটির তলা ফেটে গেছে। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে তীরে নোঙর করে ফাটল মেরামত শেষে আড়াই ঘণ্টা পর লঞ্চটি ছেড়ে যায়।
গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল নদীবন্দর থেকে সুন্দরবন-৮ ও তাসরিফ-৩ নামের লঞ্চ দুটি ছেড়ে যায়। রাত সাড়ে নয়টার দিকে নদীর চরবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাসরিফ-৩-এর তলায় ফাটল ধরে।অন্যদিকে বরিশাল নদীবন্দরে রাত আটটার দিকে নোঙর করা অ্যাডভেঞ্চার-১ লঞ্চটিকে ধাক্কা দেয় কীর্তনখোলা-২ নামের একটি লঞ্চ। এতে অ্যাডভেঞ্চারের র্যালিং ও দোতলার অংশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী তাসরিফ-৩ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, তাসরিফ লঞ্চটি যাত্রীবোঝাই হয়ে বরিশাল নৌবন্দর থেকে রাত সাড়ে আটটায় ছাড়ে। রাত সোয়া নয়টার দিকে কীর্তনখোলা নদীর চরবাড়িয়ায় বাঁক ঘুরতে থাকে। এ সময় একই দিক থেকে আসা সুন্দরবন-৮ লঞ্চটি সজোরে তাসরিফ-৩-এর ওপর আছড়ে পড়ে। এতে তাসরিফের সামনের দিকে পানি থেকে এক ফুট ওপরে ফাটল ধরে। এ সময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে যাত্রীদের চাপে লঞ্চটি সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা এলাকায় নোঙর করতে বাধ্য হয়। সেখানে অনেক যাত্রী লঞ্চ থেকে নেমে যান। প্রায় তিন ঘণ্টা ধরে লঞ্চের ফাটল ধরা অংশ মেরামত শেষে রাত পৌনে ১২টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ, বন্দর কর্মকর্তা ও প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি পরিদর্শন করা হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে লঞ্চ মেরামত শেষে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে সুন্দরবন-৮ লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক আজমল হুদা প্রথমআলোকে বলেন, সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় তাসরিফ-৩ লঞ্চের সামনের দিকে পানির বেশ কিছুটা ওপরে ফাটল ধরে। রাত ১০টায় তিনিসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেন। এ ব্যাপারে সুন্দরবন লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-১ ক্ষতিগ্রস্ত হওয়ায় কীর্তনখোলা-২ লঞ্চের যাত্রা বাতিল করেছে নৌ-নিরাপত্তা বিভাগ। এ ঘটনায় অ্যাডভেঞ্চার-১ লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন লঞ্চটির মালিক নিজামউদ্দিন। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।