দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৩
বরগুনা থেকে ঢাকাগামী একটি লঞ্চ এবং ঢাকা থেকে রাঙাবালির উদ্দেশে ছেড়ে আসা আরেকটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মা-মেয়ে-ছেলেসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা বরগুনার বালিয়াতলী গ্রামের বাসিন্দা। তারা বরগুনা থেকে ছেড়ে যাওয়া এমভি কিং সম্রাট লঞ্চের যাত্রী। গত শনিবার দিবাগত ভোররাতে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে লঞ্চ দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ায় ওই পরিবারে মাতম চলছে।
নিহত ব্যক্তিরা হলেন তাসলিমা বেগম (৪৫), তাঁর মেয়ে জান্নাতি (৭) ও ছেলে হিরণ (২২)। তাসলিমা বেগমের অপর মেয়ে নাসরিনকে (১৬) গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাসলিমা বেগম বরগুনা সদর উপজেলার নিজাম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দুপুরে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি কিং সম্রাট নামের লঞ্চটি রাত পৌনে দুইটার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা-সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাঙাবালির উদ্দেশে ছেড়ে আসা এমভি জাহিদ-৪ নামের আরেকটি লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি কিং সম্রাট লঞ্চটির দোতলার ডেকে থাকা যাত্রী তাসলিমা বেগম ও তাঁর মেয়ে জান্নাতি ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হন তাঁর ছেলে হিরণ ও আরেক মেয়ে নাসরিন। পরে দুর্ঘটনাকবলিত লঞ্চটি চাঁদপুরে গেলে আহত হিরণ ও নাসরিনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। পথে হিরণ মারা যান। তবে নিজাম উদ্দীন দুর্ঘটনার সময় শৌচকর্মের জন্য নিচতলায় থাকায় তিনি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান।
এমভি কিং সম্রাট লঞ্চের পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘এমভি জাহিদ নামের লঞ্চটি বিপরীত দিক থেকে এসে আমাদের লঞ্চের ওপর হামলে পড়ে। আমার মনে হয়েছে এটা পরিকল্পিত। এতে লঞ্চের দোতলা মাঝ বরাবর ডেক, কেবিন এবং তিনতলার কেবিনের বড় অংশ দুমড়েমুচড়ে ভেতরে ঢুকে গেছে। দুর্ঘটনার পর আমরা আহত যাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত কোনো রকমে ঢাকায় নিয়ে আসি।’
তবে জাহিদ-৪ লঞ্চের চালক সানাউল্লাহ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিং সম্রাট লঞ্চটির চালক এমনভাবে সার্চলাইট ফেলেন, যাতে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। তাঁকে (কিং সম্রাট লঞ্চের চালক) বারবার সংকেত দিয়ে সার্চলাইট অন্যদিকে ঘোরাতে বললেও তিনি তা করেননি। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বিভাগীয় কার্যালয়ের নৌনিরাপত্তা (ট্রাফিক) বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আসলেই খুব দুঃখজনক। এ ঘটনায় শিগগিরই তদন্ত কমিটি করা হবে। এরপর দুটি লঞ্চের রুট পারমিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি এবং আমরা খোঁজখবর নিচ্ছি।’
মাতম: গতকাল রোববার দুপুরে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইনসমের্ত গ্রামের নিজাম উদ্দীনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর ছোট ভাই, মা-বোন ও অন্য আত্মীয়স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। বাড়ির এক কোণে পাশাপাশি তিনটি কবর খোঁড়া হচ্ছে। ছোট ভাই জামাল হাওলাদার বাড়ির উঠানে বারবার মূর্ছা যাচ্ছেন। মা তারা ভানু পুত্রবধূ, নাতি-নাতনির মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কেবল কাঁদছেন আর জ্ঞান হারাচ্ছেন।
ছোট্ট টিনের ঘরের বারান্দায় বৃদ্ধ তারা ভানু শোকে কেবলই মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফেরার পর থেমে থেমে কেঁদে ওঠেন আর বলেন, ‘ওরে আমার ভাই, ওরে আমার বুইন (নাতি-নাতনি) সব একসঙ্গে তোরা আমারে ছাইড়্যা গেলি। ওরে বউ, ক্যা কাইলগো গেলি। আমি এত মানা করলাম আর একটা দিন থাক তোরা, আমার কথা হুনলি না।’ তারা ভানুর কান্না আর আহাজারিতে উপস্থিত সবার চোখই ছলছল করছিল।
প্রতিবেশী সুলতান মাহমুদ বলেন, নিজাম উদ্দীন প্রায় ১০ বছর ধরে ঢাকায় শ্রমিকের কাজ করেন। ১৫ দিন আগে তিনি দুই মেয়ে, ছেলে ও স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। শনিবার দুপুরে বরগুনা থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা করেন। দুর্ঘটনার সময় নিজাম উদ্দীন শৌচাগারে থাকায় তিনি রক্ষা পান। নিজামের বড় ছেলে নিহত হিরণ ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আর আহত বড় মেয়ে নাসরিন নবম শ্রেণির ছাত্রী।