যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই সরকারের বাকি সময়ে আমি নতুন রেললাইন নির্মাণ করতে পারব না। সেই ওয়াদাও আমি করব না। তবে প্রক্রিয়া শুরু করে যাব। কারণ ডাবল (দুই লাইন) লাইন দরকার। তা ছাড়া, এক জায়গায় ট্রেন লাইনচ্যুত হলে চলাচল স্বাভাবিক হতে ২০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।’ গতকাল বুধবার রাজশাহী রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।হঠাৎ পরিদর্শনে মন্ত্রী আসার আতঙ্কে সান্তাহার জংশন স্টেশনের দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। মন্ত্রী গতকাল বেলা সোয়া দুইটার দিকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে নেমে সরাসরি রেল ভবনে আসেন। তিনি রেলের বেদখল হওয়া জমি এবং অবৈধভাবে ইজারা দেওয়ার পরিকল্পনা করার অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তা কানুনগো জিয়াউল হককে বদলি এবং বিভাগীয় এস্টেট অফিসার কিরণ চন্দ্র রায়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।সেখান থেকে বের হয়ে মন্ত্রী রাজশাহী রেলস্টেশনে যান। প্রথমে যান অনুসন্ধানকক্ষে। এটি এক ফ্লেক্সিলোডের দোকানদারকে দিয়ে চালানো হচ্ছিল। মন্ত্রী ওই দোকানিকে বাদ দিয়ে রেলওয়ের কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য জিএমকে বলেন। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তিনি স্টেশন তত্ত্বাবধায়ক গোলাম মোস্তফাকে দিনাজপুরে বদলির আদেশ দেন।সান্তাহারে অবৈধ দোকান উচ্ছেদমন্ত্রী নওগাঁয় আসছেন শুনে গতকাল হঠাৎ করে তৎপর হয়ে ওঠে রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বুধবার সকাল থেকে স্টেশনের রেল ক্রসিং ও আশপাশের এলাকা থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে।