দুই লাখ কর্মচারীর রাজস্ব খাতে নিয়োগে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব খাতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে উন্নয়ন প্রকল্পের চাকরির সময় গণনা করা হবে না। যদিও দীর্ঘ আইনি লড়াইয়ে আদালত চাকরির সময় গণনার পক্ষেই রায় দিয়েছিলেন। গত দেড় বছরে সেই রায় কার্যকর না করে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
নতুন আইনের খসড়ায় বলা আছে, আইনটি প্রবর্তনের সঙ্গে সঙ্গে অন্য কোনো আইন, বিধি বা আদালতের রায় বলবৎ থাকবে না। রায় কার্যকর না করে আইন প্রণয়নের প্রতিবাদে গতকাল শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারী সম্মিলিত ঐক্য পরিষদ ২১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
আদালত এসব কর্মচারীর প্রকল্পে যোগদানের দিন থেকে চাকরির সময় গণনার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় বলছে, আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে প্রায় ৬ হাজার কোটি টাকার দরকার হবে। তাই সরকার এখন নতুন আইন করে বিষয়টি সুরাহা করতে চায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, খসড়াটি তিনি দেখেননি। তবে সুপ্রিম কোর্টের রায় মানা সরকারের জন্য বাধ্যতামূলক। এ ক্ষেত্রে নতুন কোনো আইন হতে পারে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ২৫ বছরে ২ লাখ কর্মচারী বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়ে এসেছেন। অর্থ মন্ত্রণালয় ২০০৮ ও ২০১১ সালে বলেছে, রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দেওয়ার অবকাশ নেই।
নতুন আইনে সরকার তাঁদের রাজস্ব খাতে স্থানান্তর করার কথা বললেও উন্নয়ন প্রকল্পে থাকা অবস্থায় তাঁদের চাকরির সময় গণনা করতে রাজি নয়। আইনটির খসড়া তৈরির পর জনপ্রশাসন, আইন ও অর্থ মন্ত্রণালয় এটা পর্যালোচনা করছে।
খসড়ায় বলা আছে, সরকারি কোটা অনুসরণ করে এ আইনের আওতায় উন্নয়ন প্রকল্পের কর্মচারীকে রাজস্ব পদে নিয়োগ দেওয়া যাবে। এতে বলা হয়েছে, প্রকল্প থেকে রাজস্ব পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কর্মচারীর বয়স শিথিল করা যাবে। জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে চাকরি রাজস্ব বাজেটের পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়মিত ও উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বে নিয়োগ পাওয়া কর্মচারীরা একই তারিখে যোগ দিলে নিয়মিত যোগদানকারী জ্যেষ্ঠতার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সূত্র জানায়, সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতাভুক্ত রাজস্ব বাজেটের পদে নিয়োগে কমিশনের সুপারিশ লাগবে। পিএসসির আওতাবহির্ভূত পদে নিয়োগের ক্ষেত্রে পদোন্নতি বা বাছাই কমিটির সুপারিশে নিয়োগ করতে হবে। উন্নয়ন প্রকল্পের কর্মচারীর পদ ও পদমর্যাদা রাজস্ব বাজেটের শূন্য পদের সঙ্গে সংগতিপূর্ণ না হলে তিনি রাজস্ব খাতে নিয়োগ পাবেন না।
মামলার বাদী ও গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের দুটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদন করেছিলেন। আদালত অর্থ মন্ত্রণালয়ের ওই দুটি চিঠি অবৈধ ঘোষণা করেন।
অর্থ মন্ত্রণালয়ের নথিপত্রে বলা হয়েছে, আদালতের এই রায় বাস্তবায়ন করতে গেলে আনুমানিক ৬ হাজার কোটি টাকা লাগবে। এ ছাড়া রাজস্ব খাতের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন এবং বেতনের ভারসাম্য নষ্ট হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের দুই দফায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ
হয়েছে। গত বছরের ২৩ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে লেখা চিঠিতে অর্থসচিব বলেন, ‘আর্থিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এ রায় বাস্তবায়ন অত্যন্ত দুরূহ।’
সরকারি কর্মকর্তা-কর্মচারী সম্মিলিত ঐক্য পরিষদ গতকাল সংবাদ সম্মেলনে ২২ মার্চের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ওই দুটি চিঠি বাতিলের দাবি জানিয়েছে। অন্যথায় মতবিনিময়, গণসংযোগ, মানববন্ধন, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানসহ ২১ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঐক্য পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ ও সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম।