দুই লাখ ঘনফুট বালু জব্দ
ফেনীর পরশুরামে মুহুরী নদীর বালুমহাল থেকে অবৈধভাবে তোলা দুই লাখ ১০ হাজার ঘনফুট বালু গত শনিবার জব্দ করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নূরুল ইসলাম তদন্তে গিয়ে এসব বালু জব্দ করেন। তবে সরকারি কর্মকর্তারা তদন্তে যাওয়ার আগেই খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা নদী থেকে সব ড্রেজার অন্যত্র সরিয়ে ফেলে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিলনিয়া গ্রামে মুহুরী নদীর পার থেকে এ বালু জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিন আক্তার খান ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা জানান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নূরুল ইসলাম মুহুরী নদীর বালুমহালে সরেজমিনে তদন্ত করে দুই লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দের নির্দেশ দিয়েছেন।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নূরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মুহুরী নদীর বালুমহাল থেকে অসংখ্য ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের আলামত পাওয়া গেছে।’