দুই লাখ টন গম সংগ্রহ করবে সরকার
সরকার অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ২৮ টাকা দরে দুই লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে খাদ্য বিভাগের হিসাবে বাজারে এখন প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকায়। আমদানি করা গমের কেজি ১৭-১৮ টাকা। আর বাজারে ওই গম বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ১০ এপ্রিল থেকে শুরু হয়ে এই গম সংগ্রহ অভিযান চলবে ৩১ মে পর্যন্ত।
গত বছরও ২৮ টাকা দরে অভ্যন্তরীণ বাজার থেকে দুই দফায় দুই লাখ টন গম সংগ্রহ করেছিল সরকার। গতবারও বাজারে গম ও আটার দাম এ সময়ের মতোই ছিল।
বর্তমান বাজারদরের চেয়ে বাড়তি দামে গম সংগ্রহের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় গমের দামও কমে গেছে। এ কারণে আমদানি করা গমের দাম কম। কিন্তু আমাদের তো দেশের কৃষককে প্রণোদনা দিতে হবে। তাই তাঁদের কথা চিন্তা করে আমরা কৃষকের উৎপাদন খরচের চেয়ে কিছুটা লাভ দিয়ে গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছি।’
বেশি লাভ থাকায় কৃষকদের কাছ থেকে গম না নিয়ে সরকারি গুদামে গত বছর মন্ত্রী, সাংসদ ও দলীয় নেতাদের মনোনীত ব্যক্তিরা গম দিয়েছেন। এ বছরও একই আশঙ্কা আছে কি না, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ওটা যখন শুরু হবে, তখন দেখা যাবে। এত অগ্রিম কথা বলা যাবে না।’
গতকাল কমিটির সভায় জানানো হয়, এ বছর গম উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। এবার প্রতি কেজি গম উৎপাদনে খরচ হয়েছে ২৭ টাকা। সরকারি হিসাবে দেশে প্রতিবছর গমের চাহিদা ৪০ লাখ টন। প্রতিবছর ২৮ থেকে ৩০ লাখ টন গম আমদানি করা হয়। দেশে উৎপাদিত গমের বড় অংশই বিভিন্ন আটা ও বেকারি পণ্য প্রস্তুতকারী কোম্পানিগুলো কিনে নেয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খুব শিগগির ইউনিয়ন পর্যায়ে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু করা হবে। জুলাই থেকে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে সুলভ মূল্যে চাল ও গম দেওয়া হবে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও গম দেওয়া হবে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।