দুই লাখ টন ডিজেল নিয়ে চার জাহাজ ভাসছে সাগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমের জন্য আনা দুই লাখ টনের বেশি ডিজেল ভাসছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। ডিপোতে পর্যাপ্ত জায়গা না থাকায় এসব তেল খালাস করা যাচ্ছে না। এ জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রতিটি জাহাজের জন্য মূল ভাড়ার সঙ্গে দিনে ১২ হাজার ডলার অতিরিক্ত পরিশোধ করতে হচ্ছে। বর্তমানে চারটি জাহাজ ডিজেল খালাসের অপেক্ষায় রয়েছে। বিপিসি সূত্রে এ তথ্য জানা গেছে।বিপিসি সূত্র জানায়, আগের বছরের চাহিদার পরিসংখ্যানের ভিত্তিতে পরবর্তী বছরের চাষের জন্য ডিজেল আমদানি করা হয়ে থাকে। সেই হিসাবে গত বছরের জানুয়ারি মাসে ডিজেলের চাহিদা ছিল তিন লাখ ৩০ হাজার ৫৩৭ টন। কিন্তু এ বছর জানুয়ারি মাসে এ চাহিদা দুই লাখ ৬৯ হাজার টনে নেমে এসেছে। এ ৬০ হাজার ৭৯৩ টন ডিজেলের চাহিদা কমে যাওয়ার ব্যাপারে বিপিসির কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলে এ বছর ডিজেলের চাহিদা বাড়ছে না। বোরো ধানের চাষ কমে যাওয়ার কারণে এ চাহিদা কমতে পারে বলে তাঁরা ধারণা করছেন। উৎপাদনমূল্য না পাওয়ায় চাষিরা ধান চাষ কমিয়ে দিয়েছেন বলে তাঁরা মনে করছেন।তবে বিপিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, জানুয়ারি মাসে চাহিদা কমেছে। ফেব্রুয়ারিতে সরবরাহ কিছুটা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।জানা যায়, দেশের সবগুলো ডিপোতে ডিজেলের সর্বমোট ধারণক্ষমতা তিন লাখ ৪০ হাজার ৫০৯ টন। গতকাল মঙ্গলবার দেশে মজুত ডিজেলের পরিমাণ ছিল তিন লাখ ২০ হাজার টন। বিপিসির পরিচালক (অপারেশন) শরাফউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বোরো মৌসুমে যাতে কোনো ঘাটতি না হয়, সে জন্য আমরা পর্যাপ্ত ডিজেল আমদানি নিশ্চিত করেছি। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৮ টাকায়। এতে সরকার প্রতি লিটারে ১১ টাকা করে ভর্তুকি দিয়ে থাকে।