কবির হত্যা মামলার এক আসামির স্বীকারোক্তি
দুই লাখ টাকা করে ১০ ব্যক্তিকে হত্যার চুক্তি করেন সালেহা
১০ জনকে খুনের জন্য চুক্তি হয়েছিল। প্রতিটি খুনের মূল্য ছিল দুই লাখ টাকা। চুক্তিটি করেন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সালেহা বেগম। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করা নিয়ে সালেহা বেগমের সঙ্গে বিরোধ রয়েছে—এ রকম ১০ ব্যক্তিকে হত্যার জন্য সন্ত্রাসীদের সঙ্গে তিনি ওই চুক্তি করেন। ওই চুক্তি অনুযায়ী, প্রথমে ফতুল্লায় স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেনকে জবাই করে হত্যা করা হয়।গতকাল বুধবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের আদমজীনগরের র্যাব-১১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কবির হত্যা মামলার আসামি কাজল এ স্বীকারোক্তি দেন। কার্যালয়ের পরিচালক গাজী আহসানুজ্জামান জানান, গত ২৬ এপ্রিল রাতে যাত্রাবাড়ী থেকে র্যাবের একটি দল কবির হত্যার মূল পরিকল্পনাকারী সালেহা বেগমের স্বামী ইদ্রিসকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল ভোরে নেত্রকোনা থেকে আসামি কাজলকে গ্রেপ্তার করা হয়। গাজী আহসানুজ্জামান আরও জানান, পৌষাপুকুর এলাকায় অসামাজিক কার্যকলাপের আখড়া গড়ে তুলেছিলেন সালেহা বেগম। এ নিয়ে বিভিন্ন সময় যাদের সঙ্গে তাঁর বিরোধ বাধে, এ রকম ১০ জনকে হত্যার জন্য সালেহা বেগম সন্ত্রাসীদের সঙ্গে ওই চুক্তি করেন। জিজ্ঞাসাবাদে কাজল র্যাবকে জানান, কবির বাদে বাকি যে নয়জনকে খুনের পরিকল্পনা করা হয়েছিল, তাঁদের মধ্যে রয়েছেন পৌষাপুকুরপাড় এলাকার আনোয়ার হোসেন, কোতালেরবাগ এলাকার ভিসিডি রিপন ও বোরহান উদ্দিন। বাকি সাতজনের নাম তিনি জানাননি। কাজল জানান, গত ২২ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে মামলার অপর আসামি মনির হোসেন মুঠোফোনে কবিরকে ডেকে আনে। এরপর মনির, কাজল, মাজেদুল, লিটন, জুয়েল ও নুর ইসলাম তাঁকে জবাই করে হত্যা করেন। পরে তাঁরা পৌষাপুকুরপাড় এলাকার পাকিস্তানি খাদ নামে পরিচিত একটি পুকুরে লাশটি ফেলে পালিয়ে যান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, বুধবার বিকেলে কাজল নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরীফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ২২ এপ্রিল সকালে পুলিশ ওই পুকুর থেকে কবিরের লাশ উদ্ধার করে। পরে এলাকাবাসী ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে। এলাকাবাসীর দাবির মুখে পুলিশ সালেহা বেগমকে গ্রেপ্তার করে। এরপর আসামি মনির হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।