জলাশয় ভরাটের দায়ে দুজনকে জেল-জরিমানা

বরিশাল নগরের সোবাহান মিয়ার পুল সংলগ্ন খালের অংশ বালু ফেলে ভরাট করার দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে অন্য একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সেখান থেকে বালু ভরাট করার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
আজ রোববার বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত দুজনের মধ্যে মো. এমরানকে এক মাসের কারাদণ্ড এবং আবদুর রবকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। দুজনই ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইলিয়াচুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এবং পরিবেশ আইন অনুযায়ী কোনো ধরনের জলাশয় ভরাট করা যাবে না। কিন্তু নগরের ২০ নম্বর ওয়ার্ডের ব্রজমোহন (বিএম) কলেজ রোড সংলগ্ন ফিরোজা মঞ্জিল ও হুদা ভিলার পেছনে সোয়া ২৬ শতাংশের একটি পুকুরসহ খাল ভরাট করা হচ্ছিল। তাই ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দেন ও দুজনকে দণ্ড দেন। এ সময় ভরাট কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুকুর ও খাল ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে এক মাসের সাজা দিয়েছেন। এ ছাড়া একজনকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন।’