দুই লাখ টাকা নেবেন মাতব্বরেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় অবৈধ সম্পর্কের কারণে ভূমিষ্ঠ এক নবজাতককে নির্জন স্থানে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত তরুণী ও যুবককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। যুবককে আড়াই লাখ টাকা ও নবজাতকের মাকে ৫০ হাজার টাকা দিতে হবে।এলাকার মাতব্বরেরা গত শুক্রবার এক সালিসে এ জরিমানা ধার্য করেন। জরিমানার দুই লাখ টাকাই ভূরিভোজের জন্য মাতব্বরেরা নেবেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার এক পোশাককর্মীর (২২) সঙ্গে একই গ্রামের আবু তাহেরের (৩৫) অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাহের গর্ভপাত করানোর জন্য মেয়েটিকে নিয়ে দুই সপ্তাহ আগে পাশের গৌরীপুর উপজেলার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে যান। সেখানে মেয়েটি একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরদিন ভোরে আবু তাহের নবজাতকসহ মেয়েটিকে নিয়ে এলাকার উদ্দেশে যাত্রা করেন। পথে নবজাতকটিকে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের একটি জলাশয়ের পাশে ফেলে দেওয়া হয়। এই এলাকার সোয়েম মিয়া সকালে জলাশয়ে মাছ ধরতে গিয়ে নবজাতকের কান্না শুনে তাকে উদ্ধার করেন। এলাকাবাসী নবজাতককে সরিষাহাটি গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারের ব্যবসায়ী সঞ্জু মিয়ার জিম্মায় দেন। এ ঘটনা জানাজানি হলে শুক্রবার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামে সালিস বসে। সালিস পরিচালনা করেন বাঁশাটি উচ্চবিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. আবুল কাশেম। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান খানসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মেয়েটি তাঁর সর্বনাশের জন্য প্রকাশ্যে আবু তাহেরকে অভিযুক্ত করেন। এরপর নবজাতককে নির্জন স্থানে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাকে ৫০ হাজার টাকা এবং আবু তাহেরকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এক লাখ টাকা নবজাতকের জন্য ব্যাংকে স্থানী আমানত হিসেবে জমা রাখা হবে বলা হয়েছে। বাকি দুই লাখ টাকা দিয়ে মাতব্বরেরা এলাকায় খাবারের আয়োজন করবেন বলে সিদ্ধান্ত হয়।শনিবার সন্ধ্যায় এলাকায় গিয়ে আবু তাহেরকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গড়াডোবা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান বলেন, ‘তাহের এর আগেও এ ধরনের একাধিক অপকর্ম করেছে। সেই সঙ্গে মেয়েটিরও এর আগে অন্যত্র বিয়ে হয়েছিল। এসব বিবেচনা করে এবং একটি নিষ্পাপ শিশুকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেওয়ার অভিযোগে সালিসের সিদ্ধান্ত অনুসারে এই জরিমানা করা হয়েছে।’এ ব্যাপারে সালিস পরিচালনাকারী মো. আবুল কাশেম বলেন, ‘আমি সালিস পরিচালনা করেছিলাম সত্য। তবে এ বিষয়ে হ্যাঁ-না কোনো কিছুই বলব না।’কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বলেন, গ্রাম্য সালিসে এভাবে জরিমানা করা বেআইনি। ঘটনাটির খোঁজখবর নেওয়া হবে।