দুই লাখ টাকা মূল্যের সরকারি গাছ ১৯ হাজার টাকার বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে একটি সরকারি রাস্তার সাতটি গাছ উপজেলা ফরেস্টার মো. অহিদুল ইসলাম নামমাত্র মূল্যে আওয়ামী লীগের এক নেতার কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, বাজারমূল্যে এই গাছগুলোর দাম কমপক্ষে দুই লাখ টাকা। ইতিমধ্যে গাছগুলো কেটে ফেলা হয়েছে।সরেজমিনে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল খেয়াঘাট-মৈশামুড়া রাস্তার সাতটি পুরোনো গাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাঁর বন্ধু শাহ্জাহানের নামে কিনেছেন। অভিযোগ রয়েছে, কবির হোসেন উপজেলা ফরেস্টার অহিদুল ইসলামকে দিয়ে অত্যন্ত গোপনীয়ভাবে টেন্ডার-প্রক্রিয়া সম্পন্ন করে নামমাত্র মূল্যে গাছগুলো হাতিয়ে নিয়েছেন।তবে আওয়ামী লীগের নেতা কবির হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো গাছ কিনিনি এবং কবে এগুলোর দরপত্র হয়েছে এবং কারা গাছগুলো কিনেছেন, আমি জানি না। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর জানান, ‘আমার ইউনিয়নের গাছ বিক্রি হয়েছে, আমাকে এ বিষয়ে জানানো হয়নি। গত মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় আমি গাছগুলো বিক্রি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমার বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নির্বাহী কর্মকর্তা আমাকে ‘আপনি বেশি কথা বলেন’, বলে ধমক দিয়ে থামিয়ে দেন।’ আবু জাফর আরও বলেন, ‘উপজেলা প্রশাসন আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাছগুলো দেবে বলে সিদ্ধান্ত নিলে টাকা-পয়সা নেওয়ার কী দরকার ছিল? এমনিতেই দিয়ে দিতে পারত!’গ্রামবাসীর অনেকে অভিযোগ করে বলেন, সাতটি গাছের ডালপালার মূল্য ২০ হাজার টাকার বেশি। উপজেলা প্রশাসন দায় এড়ানোর জন্য গাছগুলোর একটি নামমাত্র মূল্য নির্ধারণ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে দিয়েছে।ফরেস্টার আরও বলেন, ‘স্থানীয়দের অনুরোধে এমপি স্যার এসিল্যান্ড সাহেবকে দিয়ে সরেজমিন তদন্ত করান। এসিল্যান্ডের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গাছগুলো বিক্রির সিদ্ধান্ত হয়।’ গাছগুলো বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি এবং এলাকায় মাইকিং করা হয়েছে কি না, জানতে চাইলে অহিদুল ইসলাম বলেন, ‘এমপি স্যার ও ইউএনও স্যারসহ সিদ্ধান্ত নিয়ে দ্রুত গাছগুলো বিক্রির সিদ্ধান্ত হয়। এ জন্য ভালোভাবে প্রচার করা হয়নি। তবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গাছগুলো বিক্রির জন্য বিজ্ঞপ্তি টানানো হয়েছে।’ তিনি আরও বলেন, ভ্যাটসহ গাছগুলো ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।