ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) গতকাল মঙ্গলবার ফতুল্লা, শীতলক্ষ্যা, পোস্তগোলা, জুরাইন, শ্যামপুর ও মাতুয়াইল অঞ্চলের গ্রাহক ও কর্মকর্তাদের নিয়ে গণশুনানি করেছে। এ ছয়টি অঞ্চলে দুই লাখের বেশি গ্রাহক থাকলেও শুনানিতে অংশ নেন ৬০ জন।
ডিপিডিসি সূত্র জানায়, নারায়ণগঞ্জ নগরের কিল্লারপুলের বিদ্যুৎ কার্যালয় প্রাঙ্গণে গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত গণশুনানি হয়। অনুষ্ঠানে ১৫ জন গ্রাহকের সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হয়।
ফতুল্লা অঞ্চলের জালকুড়ি এলাকার হারুন অর রশিদ বলেন, ‘আমি একটি নতুন মিটারের জন্য আবেদন করেছি। দীর্ঘদিন পার হলেও তা দেওয়া হচ্ছে না।’
গত সোমবার একই স্থানে ‘নির্ভরযোগ্য বিদ্যুৎ—উৎফুল্ল গ্রাহক’ স্লোগান নিয়ে ডেমরা, সিদ্ধিরগঞ্জ, কাজলা, মানিকনগর, নারায়ণগঞ্জ (পূর্ব) ও নারায়ণগঞ্জ (পশ্চিম) অঞ্চলের গ্রাহক ও কর্মকর্তাদের নিয়ে গণশুনানি হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের বেশির ভাগই বিদ্যুৎ কার্যালয়ের ‘দালাল’ হিসেবে পরিচিত। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘“দালাল”দের নিয়ে ডিপিডিসির গণশুনানি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
গতকালের অনুষ্ঠানে ছিলেন ডিপিডিসির এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান, নির্বাহী পরিচালক এ টি এম হারুন-অর-রশীদ প্রমুখ।