দুই লাশ উদ্ধার একজন খুন গ্রেপ্তার ৪
ফরিদপুরের সালথা ও বরগুনার তালতলী থেকে এক শিশু ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। অপর দিকে কুষ্টিয়া সদর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: সালথার ডাঙ্গী জয়কাইল গ্রাম থেকে গত সোমবার সকালে গৃহবধূ রাফেজা বেগমের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী জুয়েল মাতুব্বরের মা বিলকিছ বেগম (৫০), বাবা নান্নু মাতুব্বর (৫৫) ও দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তবে জুয়েল (২৮) পলাতক রয়েছেন। সোমবার সকালে নিজ ঘরের বিছানায় রাফেজার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। নিহত গৃহবধূর বাবা আফছার শেখ অভিযোগ করেন, গত এক মাস আগে জুয়েল প্রথম স্ত্রী রাফেজার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে মেনে না নেওয়ায় তাঁকে গলা টিপে হত্যা করেছেন জুয়েল।আমতলী (বরগুনা): তালতলীর বেহালা গ্রামে মঞ্জু হাওলাদারের বাড়ি থেকে রাকিবুল (১২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন বছর ধরে সে ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করছে। গত সোমবার রাত আটটার দিকে মঞ্জু হাওলাদারের বাড়ির ভেতরে শিশুটিকে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।কুষ্টিয়া: সদর উপজেলার হাতিয়া বাজারে গতকাল মঙ্গলবার সকালে আলতাফ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আলতাফের ভাতিজা রাজু বিশ্বাস ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাতটার দিকে পান ব্যবসায়ী আলতাফ বিশ্বাস হাতিয়া বাজারে যান। এ সময় রাজু পারিবারিক বিরোধের জের ধরে তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাজু বাজারের কয়েক শ লোকের সামনে চাচার পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।