সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় সেতু ভেঙে নদীতে তলিয়ে যাওয়া আট যান উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে একটি ক্রেন এনে গতকাল সোমবার ট্রাকগুলো নদী থেকে তীরে তোলা হয়। ডুবন্ত দুটি ট্রাকে আটকে থাকা দুটি লাশ রোববার রাত সাড়ে ১০টায় ডুবুরি দল উদ্ধার করে। গতকাল তাঁদের পরিচয় জানার পর পরিবারের কাছে দেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত সোয়া নয়টায় পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। এ সময় ছয়টি ট্রাক, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা নদীতে তলিয়ে যায়। রাতেই নদী থেকে ১১ জন যাত্রীকে আহতাবস্থায় এবং আবদুর রব (৪৫) নামের একজন পাথর ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। গত রোববার ডুবুরি দল ডুবন্ত ট্রাকে আরও দুটি লাশ আটকে আছে বলে নিশ্চিত করলে চট্টগ্রাম থেকে ক্রেন এনে রাতেই ফের উদ্ধার-তৎপরতা শুরু হয়। রাত সাড়ে ১০টায় ডুবুরি দল লাশ আটকে থাকা ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশ দুটির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের ট্রাকচালক মনির হোসেন (৪০) ও তাঁর সহকারী জৈন্তাপুরের কেন্দ্রী গ্রামের জমসেদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৫)। সিলেটের সহকারী পুলিশ সুপার (সদর উত্তর সার্কেল) বীণা রানী দাস জানান, উদ্ধার শেষে লাশ দুটি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সড়ক ও জনপথ বিভাগের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ভাঙা সেতুটি পুনঃস্থাপন করা হবে।