
দুই লেনের সড়ক। এর মধ্যে একটি যানবাহন চলাচলের একেবারে অনুপযোগী। খানাখন্দ সৃষ্টি হওয়ায় এবং ভেঙে যাওয়ায় ওই লেন দিয়ে ঠেকায় না পড়লে কোনো চালকই গাড়ি নিয়ে যেতে চান না। তাই অপর লেনটি দিয়েই চলে যান চলাচল। এ অবস্থা সিলেট-বিয়ানীবাজার সড়কের খাসা এলাকার।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেট সূত্র জানায়, সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর কাফাপুল থেকে উপজেলা শহর পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এর মধ্যে অন্তত ১০ কিলোমিটার ভাঙাচোরা। এই অংশেরই একটি এলাকার নাম খাসা।
সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, ইতিমধ্যে সিলেট-বিয়ানীবাজার সড়কের সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী মাসে কাজ শুরু হবে।
খাসা গ্রামের কয়েকজন বলেন, আড়াই বছর আগে খাসা এলাকা থেকে বিয়ানীবাজার উপজেলা শহর পর্যন্ত ২ কিলোমিটার সড়কে বিভাজক স্থাপন করে দুই লেন করা হয়। তবে বছর না পেরোতেই খাসা নামক স্থানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। সড়কের পাশেই একটি বড় জলাশয় রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাশয়ের পানি উপচে মূল সড়কে আসে। গেল বর্ষা মৌসুমেও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সড়কটিতে জলাবদ্ধতা দেখা দেয়। এ কারণেই ওই লেনে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে বাধ্য হয়ে অপর লেন দিয়ে চলছে যানবাহন। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে।
স্থানীয় মজিদা বেগম বলেন, সিলেট জেলার বিয়ানীবাজারের সবচেয়ে বেশি মানুষ বিদেশে থাকেন। রাস্তাঘাট খারাপ হওয়ায় প্রবাসী আত্মীয়স্বজনের কাছে প্রায়ই লজ্জায় পড়তে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের আলীনগর কাফাপুল, রামধাবাজার, কনকলস রায়খাইল, চারখাইবাজার, পল্লীশাসন, ত্রিমুখী চরিয়া, মেওয়া, দুবাগ, মাইজভাগ, খাসা, শহীদটিলা, আবদুল্লাপুর এলাকায় খানাখন্দের পরিমাণ বেশি। এসব অংশে কোথাও ইট-সুরকি উঠে গেছে, কোথাও ভাঙাচোরা। ভাঙা রাস্তার মেওয়া, খাসা ও আবদুল্লাহপুর এলাকায় ধুলো উড়ছে। সড়কের খাসা এলাকার ভাঙা অংশে চাকা বিকল হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে আছে। অটোরিকশার চালক সুলতান হোসেন বলেন, খানাখন্দে পড়ে প্রায়ই গাড়ি বিকল হচ্ছে।
টেম্পোচালক জাকির হোসেন বলেন, ভাঙা রাস্তার কারণে একটি লেন দিয়ে ঝুঁকি নিয়ে কোনো চালকই যেতে চান না। অপর লেনে বেশি চাপ থাকলে কেবল ওই লেন দিয়ে চালকেরা যান।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, উপজেলায় প্রায় দুই লাখ বাসিন্দা রয়েছেন। জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সড়কটি দ্রুত সংস্কারের জন্য সওজকে জানানো হয়েছে।