দুই শ গজের মধ্যে ১৬ রেস্তোরাঁ
পরিবার, বন্ধুবান্ধব মিলে সময় কাটানোর পাশাপাশি মুখরোচক খাবারের স্বাদ নিতে অনেকেই যাচ্ছেন রেস্তোরাঁয়। দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের সুযোগ করে দিতে এক ভবনেই গড়ে উঠেছে কয়েকটি করে রেস্তোরাঁ। বিনোদনের জায়গা হয়ে উঠছে খাবারের রেস্তোরাঁগুলো।
সাতমসজিদ সড়কের শংকর বাসস্ট্যান্ডের জিএইচ হাইটস এবং ধানমন্ডি ৯/এ প্রধান সড়কের কে বি র্যাং গ্স স্কয়ার নামের ভবন দুটির ব্যবধান প্রায় ২০০ গজ। এই দুই ভবনে গড়ে উঠেছে ১৬টি রেস্তোরাঁ। খাবারের বৈচিত্র্য, অন্দরসজ্জা—সবদিক থেকেই প্রতিটি রেস্তোরাঁয় আছে ভিন্নতা।
ঢাকায় আন্তর্জাতিক চেইন খাবারের দোকানের মধ্যে অন্যতম ‘গ্লোরিয়া জিন’স কফিস’ আছে জিএইচ হাইটস ভবনের দ্বিতীয় তলায়। বিশ্বের ৩৯টি দেশ ঘুরে এই দোকান এসেছে বাংলাদেশে। এখানে কফি ছাড়াও স্পেগ্যাটি, রাবারা চিকেন উইথ বাসমতী রাইস, আচারি বিফ উইথ বাসমতী রাইসের স্বাদ নিতে পারেন।
চাচা চৌধুরী, সাবু, পিঙ্কী কমিক বইয়ের সব চরিত্র জায়গা পেয়েছে কমিক ক্যাফের দেয়ালে। খাবারের জন্য অপেক্ষায় না থেকে সবাই মিলে খেলে নিতে পারেন সাপ-লুডু কিংবা গলফ (মিনিয়েচার)। প্রতিটি টেবিলে আছে সাপ-লুডু খেলার ব্যবস্থা। ভোজনরসিকেরা এখানে কাশ্মীরি নানের সঙ্গে বালতি চিকেন কারি, হায়দরাবাদি বিরিয়ানি, ডরিও চিজ কেকেরও স্বাদ নিচ্ছেন।
বন্ধুদের নিয়ে কমিক ক্যাফেতে খেতে আসা আশেকিনা রশিদ বলেন, ছোটবেলার কমিকসের স্মৃতি মনে করিয়ে দিল এই ক্যাফে। খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকায় সময় ভালোই কাটল।
ফুড রিপাবলিক রেস্টুরেন্টে চালু হয়েছে এ বছরের সেপ্টেম্বরে।
ভাবুন তো, খেতে বসেছেন হাসপাতালের বিছানায় বা হুইলচেয়ারে। খাবার তুলে দিচ্ছেন নার্স, ডাক্তার। হাসপাতালের থিমে গড়ে ওঠা ক্রিস কার্ডিয়াক গ্রিল ক্লিনিক ক্যাফেতে সত্যি পাবেন এমন পরিবেশ। ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ পাবেন দিল্লি দরবার রেস্টুরেন্টে। এ ছাড়া জিএইচ হাইটসে আছে দ্য ওরিয়েন্টাল স্কাই লাউঞ্জ। ৯/এ প্রধান সড়কের কেবি র্যাং গ্স স্কয়ারের নিচতলার ক্লাব জেলাটো আইসক্রিমের ফ্লেভার ও রেসিপি আসে ইতালি থেকে। কিন্তু দুধ-চিনি থেকে অন্য সবকিছুই শতভাগ দেশি। সে জন্যই হয়তো ক্লাব জেলাটোর আইসক্রিমের স্বাদটাও একটু ভিন্ন। শুধু আইসক্রিম নয়, রসনাবিলাসে এখানে আরও আছে কেক-পেস্ট্রি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজনরসিকদের দেওয়া রেস্টুরেন্ট রিভিউর হিসাবে গত বছর ঢাকার সেরা ডোনাটের পুরস্কার পেয়েছে গ্লেজড। ২২ ধরনের বেশি স্বাদের ডোনাট পাওয়া যায় গ্লেজডে। এ ছাড়া আছে কফি, নানা স্বাদের পানীয়ও।
গুহা দ্য কেভ কিচেনে প্রবেশ করলেই মনে হবে, হাজার বছর পিছিয়ে প্রস্তর যুগে প্রবেশ করেছেন। গুহার আদলে সাজানো রেস্তোরাঁয় পাবেন প্রাচীন গুহামানবের দেখাও। ফ্লেভারস মিউজিক ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আবছা আলোয় মন ছুঁয়ে যায়। এ আলো ক্ষণে ক্ষণে রূপ বদলায়। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরাসরি গান শোনার আনন্দ বাড়তি প্রাপ্তি। কে বি র্যাং গ্স স্কয়ারে এ ছাড়া আছে ক্যাফে হ্যালো ধানমন্ডি, ভ্যাম্পায়ার ক্যাফে, ভাপিয়ানো, পিমিয়ন্টো, ডি স্মেক ক্যাফে।