দুই শতক জমির জন্য নিখোঁজ দুই ভাই?
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামূড়া এলাকায় বিরোধপূর্ণ দুই শতক (এক গন্ডা) জায়গার দাবিদার আমেনা বেগম। জায়গাটি নিয়ে প্রায় ৩০ বছর ধরে একটি পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে সংঘর্ষও হয়েছে কয়েকবার। ২০০৫ সালে নিখোঁজ হন আমেনার ছোট ছেলে জসিম উদ্দিন। নয় বছর পর গত ১২ এপ্রিল নিখোঁজ হন বড় ছেলে মো. সেলিম (৩০)।
আমেনার অভিযোগ, ওই জায়গা নিয়ে বিরোধের জের ধরে তাঁর দুই ছেলেকে গুম করেছে প্রতিপক্ষের লোকজন। এই অভিযোগে আমেনা বেগম গত রোববার চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত-২-এ মামলা করেন। মামলার বিবাদী করা হয়েছে মৃত মদন আলীর ছেলে ছিদ্দিক আহম্মদসহ ছয়জনকে। তবে ছিদ্দিক আহম্মদসহ বিবাদীরা অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ আমলে নিয়ে আদালত সিআইডির পরিদর্শককে বিষয়টি তদন্ত করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী আতাউর রহমান বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ছোট একটি জমির জন্য বাদীর দুই ছেলে নিখোঁজ। তাই আদালত সিআইডির পরিদর্শককে এটি তদন্ত করার দায়িত্ব দেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯৮১ সালে আমেনা বেগমের স্বামী আনু মিয়া দুই শতক জায়গা কেনেন। ওই জায়গা কেনার পর থেকেই প্রতিবেশী মদন আলীর সঙ্গে বিরোধ শুরু হয়। এ নিয়ে মামলাও হয়।
মদন আলী ও আনু মিয়া মারা গেছেন৷ কিন্তু উত্তরাধিকার সূত্রে এই বিরোধ বহন করছে তাঁদের বংশধরেরা।
আমেনা বেগম বলেন, মদন আলীর ছেলে ছিদ্দিক আহমদ, নাছির উদ্দিনেরা কিছুদিন ধরে ওই জায়গায় বাড়ি নির্মাণ শুরু করেছেন৷ কিন্তু ওই নির্মাণকাজে বাধা হয়ে দাঁড়ান সেলিম। তিনি জায়গাটি দখলমুক্ত করতে চেষ্টা চালান৷
আমেনা বেগম বলেন, ‘গত ১২ এপ্রিল থানার উদ্দেশে বাড়ি থেকে বের হয় সেলিম। এরপর আর ফেরেনি। এর আগে একইভাবে আমার ছোট ছেলে জসিমও নিখোঁজ হয়। জায়গাটির জন্য আমি নিঃস্ব হয়ে গেলাম।’
আমেনা বেগম বলেন, ২০০৫ সালে একবার ওই দুই শতক জায়গা নিয়ে ছিদ্দিক আহম্মদদের তাঁদের সঙ্গে ঝগড়া হয়। এর পর তাঁর ছোট ছেলে রিকশাচালক জসিম উদ্দিন নিখোঁজ হন। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর। এত বছরেও তাঁর খোঁজ মেলেনি।
ছেলে জসিম নিখোঁজের পর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বরাবরে একটি দরখাস্ত দেন আনু মিয়া। সেখানে মদন আলীর পরিবারের সঙ্গে ঝগড়ার পর তিনি নিখোঁজ হন বলে অভিযোগ করা হয়। বর্তমানে আদালতে করা মামলায়ও সেলিমের পাশাপাশি জসিম নিখোঁজের জন্য মদন আলীর পরিবারকে দায়ী করেছেন আনু মিয়ার স্ত্রী আমেনা বেগম। ২০০৬ সালে মারা যান আমেনার স্বামী আনু মিয়া।
পরিবহনশ্রমিক সেলিমেরা দুই ভাই দুই বোন। সেলিমের বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুই ভাই হারিয়ে আমার মা এখন পাগলপ্রায়। রাতদিন কান্না করেন।’
মৈশামূড়া এলাকার লোকজনের সঙ্গে কথা বলে দুই ভাইয়ের নিখোঁজ হওয়ার সত্যতা পাওয়া যায়। তবে কেন কীভাবে দুই ভাই নিখোঁজ হলেন, সে সম্পর্কে তাঁরা কথা বলতে রাজি হননি।
তবে পুলিশ বলছে ঘটনাটি রহস্যজনক৷ নিখোঁজ হওয়ার পরদিন সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। প্রথমে জিডির তদন্তের দায়িত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) ফজলুল হক৷ পরে এসআই ইখতিয়ার উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ‘সেলিম নিখোঁজ৷ তবে মাঝে তাঁর মুঠোফোন খোলা পাওয়া যায়৷ তখন মুঠোফোনটি ছিল বান্দরবানে৷ এখন আর পাচ্ছি না। এখন এটি আত্মগোপন নাকি অপহরণ সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না।’ তিনি বলেন, ‘তাঁরা ছেলের চেয়েও বিরোধপূর্ণ জমির মীমাংসা বেশি চাচ্ছে। ব্যাপারটা আসলে কী বুঝতে পারছি না। আমরা চেষ্টা করছি তাঁকে উদ্ধার করার জন্য। তার আরেক ভাই নয় বছর আগে নিখোঁজ হয়।’
অভিযোগ অস্বীকার করে মামলার বিবাদী ছিদ্দিক আহম্মদ বলেন, ‘ওই জমি আমার বাপদাদার। ওই জমির কাগজও আমাদের নামে। এখন ওটা নিয়ে অনেক বার মাপজোক হয়েছে। তাদের সঙ্গে গণ্ডগোল হয়েছে। এখন সেলিম ও জসিম কোথায় গেছে সেটা আমরা কীভাবে বলব?’