দুই শতাধিক একর জমির ধান নষ্ট হওয়ার উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের দেশগাঁও গ্রামের পশ্চিম মাঠ ও দক্ষিণ মাঠের প্রায় দুই শতাধিক একর জমির বোরো ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এক মাস ধরে সেচের পানি দিতে না পারায় এসব জমির বেশির ভাগই ফেটে গেছে।এদিকে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে সংঘর্ষে দুই কৃষক আহত হয়েছেন।ভুক্তভোগী কৃষক ও একাধিক সেচপাম্পের মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশগাঁও গ্রামের পশ্চিম ও দক্ষিণ মাঠে প্রায় দুই শতাধিক একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এসব জমিতে ১২ জন সেচপাম্পের মালিক পানি সেচ দেন। দেশগাঁও গ্রামের সেচপাম্পের মালিক আবুল বাশার খোকন, মো. জুলহাস হোসেন ও মো. হুমায়ুন পাটওয়ারী অভিযোগ করেন, হাজীগঞ্জের কোদালিয়া সেচ প্রকল্প থেকে কোদালিয়া খালের মাধ্যমে তাঁদের এলাকায় পানি সরবরাহ করা হয়। কিন্তু বিদ্যুৎসংকট দেখিয়ে প্রায় এক মাস ধরে কোদালিয়া সেচ প্রকল্পের সভাপতি মো. মিজানুর রহমান পানির সরবরাহ বন্ধ রেখেছেন। অথচ তাঁদের কাছ থেকে তিনি পানি সেচ দেওয়ার জন্য অগ্রিম টাকা নিয়ে গেছেন। এ অবস্থায় এলাকার কৃষকেরা জমিতে পানি সেচ দিতে পারছেন না। এদিকে শনিবার রাতে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই কৃষক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন, আবুল বাশার খোকন ও মো. জাকির মিয়া। উভয়ের বাড়ি দেশগাঁও গ্রামে।কোদালিয়া সেচ প্রকল্পের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘বিদ্যুৎ সমস্যার কারণে আমার প্রকল্পের ৪০টি পাম্পের মধ্যে বেশির ভাগই বন্ধ রাখতে হচ্ছে। বিষয়টি আমি স্থানীয় সাংসদকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। বিদ্যুৎ সমস্যা না মিটলে ওই মাঠে আর পানি সরবরাহ দেওয়া সম্ভব হবে না।’সেচ পাম্পমালিকদের কাছ থেকে আগাম টাকা নিয়ে পানি সরবরাহ না করা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘আমি গত বছরের বিভিন্ন সেচ পাম্পমালিকের কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা পাব। তার পরও বিদ্যুতের সমস্যা না হলে আমি পানি সরবরাহ চালিয়ে যেতাম।’ বিএডিসির (সেচ) উচ্চতর উপসহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, ‘মূলত বিদ্যুতের সংকটের জন্য এ সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সমন্বয়ের চেষ্টা করছি। তা ছাড়া সেচ পাম্পমালিকেরা যদি বিকল্প ব্যবস্থা হিসেবে ডিজেলচালিত পাম্প চালাত, তাহলে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যেত।’