দুই শতাধিক গাছ কর্তন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শহরতলির তারাপুর চা-বাগানের দুই শতাধিক গাছ গত শুক্রবার রাতে কেটে ফেলেছে বাগান কর্তৃপক্ষ। গাছ কাটার প্রতিবাদে গতকাল শনিবার সকালে চা-শ্রমিকেরা বাগানের ব্যবস্থাপকের বাংলো অবরোধ করে বিক্ষোভ করেছেন।
চা-শ্রমিক ও বাগান সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত বাগান কর্তৃপক্ষের একদল লোক ২০২টি চা-গাছ কেটে ফেলে। এ সময় সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও উপস্থিত ছিলেন। গতকাল সকালে কাটা গাছ দেখে চা-শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নেন। এ সময় বাগান কর্তৃপক্ষ গাছ কাটার বিষয়ে চা-শ্রমিকদের কিছু না জানানোয় তাঁরা ব্যবস্থাপকের বাংলো অবরোধ করে রাখেন।
সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চা-শ্রমিকদের অবরোধ চলাকালে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রত্যুষ তালুকদার ও চিত্রগ্রাহক আতাউর রহমান ঘটনাস্থলে গেলে বাগান ব্যবস্থাপকের বাংলো থেকে একদল লোক তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা ওই টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
বাগান ব্যবস্থাপক আতাউর রহমান জানান, যে জায়গার গাছ কাটা হয়েছে, সেটি সিটি করপোরেশনের ময়লা-আবর্জনার ভাগাড় তৈরি করার জন্য দেওয়া হয়েছে। সেখান থেকে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে গাছ কাটা হয়েছে। বাগান কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কিছু করছে না। তবে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।