
৩৬ ঘণ্টার অতিবর্ষণে সাতক্ষীরা জেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট ও ফসলের মাঠ। ভেসে গেছে কয়েক হাজার চিংড়িঘের। অনেক জায়গায় বাড়ির আঙিনা পানিতে তলিয়ে যাওয়ায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এদিকে গতকাল বুধবার দিনভর মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে মাগুরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে সকালে মাগুরা সদর ও শালিখা উপজেলায় দুজন মারা গেছেন।
সাতক্ষীরায় গত মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে অনেক স্থানে কাঁচা ঘরবাড়ি ও গাছগাছালি পড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শ্যামনগর উপজেলায় বিদ্যুৎ নেই। এ ছাড়া অন্যান্য উপজেলার অধিকাংশ স্থানে মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে বিদ্যুৎ নেই।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান ভবতোষ মণ্ডল, গাবুরা ইউপির চেয়ারম্যান আলী আজম, পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, মুন্সিগঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ও কৈখালী ইউপির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ২০ হাজার চিংড়িঘের ভেসে গেছে। কয়েক হাজার বিঘা আমন ধানের খেত ও বীজতলা তলিয়ে গেছে।
উপকূলীয় পানি উন্নয়ন বোর্ডের বুড়িগোয়ালিনী, দুর্গাবাটি, মাদিয়া দাতিনাখালী, গাবুরা ইউনিয়নের নাপিতখালী, ৯ নম্বর সোরা, জেলেখালী, লেবুবুনিয়া, পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি, চণ্ডীপুর, পাতাখালী, মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী, বড় ভেটখালীসহ কমপক্ষে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এসব বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে।
তালা সদর ইউপির চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, তাঁর ইউনিয়নের মহল্লাপাড়া, বারুইহাটি, খানপুর, জেয়ালানলতা, কেসমতঘোনা, শাহাপুর, মুড়াকুলিয়াসহ ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষ পানির মধ্যে বসবাস করছে।
জালালপুর ইউপির চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, অতিবর্ষণে তাঁর ইউনিয়নের নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে কানাইদিয়া, কৃষ্ণকাটি, চরকানাইদিয়া, জেঠুয়া, নেহালপুর, জালালপুর, শ্রীমন্তকাটি, দোহারসহ নয়টি গ্রাম প্লাবিত হয়েছে।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, ১৬ হাজার ২৭৭ হেক্টর আয়তনের ১৭ হাজার ৯৫১টি চিংড়িঘের তলিয়ে গেছে। সাতক্ষীরা জেলা খামারবাড়ির উপপরিচালক আবদুল মান্নান বলেন, ৩ হাজার ৩৮০ হেক্টর আমন বীজতলা, আমন ফসল ও সবজির জমি তলিয়ে গেছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, অতিবর্ষণে উপজেলা পরিষদ অধিকাংশ পানিতে প্লাবিত হয়েছে। মানুষ পানির মধ্যে বসবাস করছে। উপজেলা পরিষদের ভেতরে তাঁর বাসায়ও এক ফুট পানি উঠেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মঞ্জুরুল আলম বলেন, কিছু এলাকায় পাউবোর বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝোড়ো বাতাসে কিছু কাঁচা ঘরবাড়ি পড়ে গেছে। বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এসবের তালিকা করা হচ্ছে।
সাতক্ষীরার ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী কওছার আলী জানান, ঝড়ে গাছগাছালি ভেঙে পড়ায় কিছু এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ রাখতে হয়েছে।
এদিকে ঝড়ের সময় গাছের চাপা পড়ে গতকাল বুধবার সকালে মাগুরা সদর উপজেলার বেড় আকসি গ্রামের খবির মোল্লা (৩৬) ও শালিখা উপজেলার বাহিরমল্লিকা গ্রামের স্বপন বিশ্বাস (৫৫) মারা গেছেন। এ ছাড়া ঝড় ও বৃষ্টিতে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়ায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত মাগুরার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
জানা গেছে, সকাল আটটার দিকে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল। এ সময় বাড়ির পাশের একটি গাছ চলাচলের পথের ওপর হেলে পড়ে। খবির মোল্লা গাছটির ডালপালা কেটে পথ পরিষ্কার করতে গেলে তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রায় একই সময়ে স্বপন বিশ্বাসের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে তিনি গাছের চাপা পড়ে আহত হন। মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকেও মৃত ঘোষণা করেন।
মাগুরা বিদ্যুতের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী বিমল কান্তি দাস গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে ছোট-বড় বহু গাছ ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। এ কারণে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে কিছু জায়গায় ভেঙে পড়া গাছ সরিয়ে মাত্র দুটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এখনো অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।